

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: “শিশু বিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়” প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা চত্তরে রেলী সম্পন্ন করে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বাল্যবিয়ে প্রতিরোধ, কন্যাশিশুর শিক্ষা নিশ্চিতকরণ, অধিকার প্রতিষ্ঠা এবং নারীর ক্ষমতায়নের ওপর গুরুত্বারোপ করেন বক্তারা। উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এবং উজিরপুর এডিপি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আলী সুজা।
সভাপতির বক্তব্যে তিনি কন্যাশিশুর নিরাপদ বেড়ে ওঠা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং প্রশাসনের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, বাল্যবিয়ে একটি শিশুর শিক্ষা, স্বাভাবিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই কন্যাশিশুদের প্রতি বৈষম্য দূর করে তাদের যোগ্যতা বিকাশের সুযোগ সৃষ্টি করতে হবে। বাল্যবিয়ে প্রতিরোধে অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সামাজিকভাবে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইসরাত জাহান কন্যাশিশুর অধিকার সুরক্ষা, বাল্যবিয়ে প্রতিরোধ এবং নারীর উন্নয়নে সচেতনতার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি বলেন, কন্যাশিশুরা যেন শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত না হয় এবং অল্প বয়সে বিয়ের শিকার না হয়, সে বিষয়ে পরিবার ও সমাজকে সচেতন থাকতে হবে। মেয়েদের শিক্ষা, আত্মবিশ্বাস ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে তাদের স্বাবলম্বী করে গড়ে তোলা সম্ভব। এ জন্য অভিভাবক, শিক্ষক ও জনপ্রতিনিধিদের একযোগে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি। অন্যান্য বক্তারাও কন্যাশিশুর প্রতি ইতিবাচক দৃষ্টিভঙ্গি গড়ে তোলা এবং তাদের জন্য বৈষম্যহীন পরিবেশ নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে সালমা খানুন, উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম রুমি, পৌর বিএনপির সভাপতি মোঃ শহীদুল ইসলাম খান, সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি এসএম আলাউদ্দিন এবং পৌর মহিলা দলের সাধারণ সম্পাদিকা মনিরা আক্তার শিখা। এ সময় শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। পাশাপাশি উজিরপুর প্রেসক্লাব, সাংবাদিক ইউনিয়ন ও উজিরপুর রিপোর্টার্স ইউনিটির গণমাধ্যমকর্মীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আলোচনা সভার পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় কন্যাশিশুর অধিকার, শিক্ষা, নিরাপত্তা ও সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা বিভিন্ন চিত্রের মাধ্যমে ফুটিয়ে তোলে শিক্ষার্থীরা। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। আয়োজকদের মতে, এ ধরনের আয়োজন শিশুদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি বাল্যবিয়ে প্রতিরোধ ও কন্যাশিশুর অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইনস্ট্রাক্টর, ইউপিইটিসি সৈয়দ গফ্ফার আলী। বক্তারা বলেন, কন্যাশিশুরা সমাজ ও দেশের গুরুত্বপূর্ণ সম্পদ। তাদের শিক্ষা, নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা গেলে ভবিষ্যতে তারা পরিবার, সমাজ এবং রাষ্ট্রের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে। বাল্যবিয়েমুক্ত সমাজ গঠন এবং প্রতিটি কন্যাশিশুর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম এগিয়ে নেওয়া হয় এবং সব শেষে প্রতিযোগিদের মধ্য থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
