ঢাকা
logo
প্রকাশিত : October 11, 2026

শ্রীমঙ্গলের স্বাস্থ্য কর্মকর্তা সিনথিয়া তাসমিনকে স্বাস্থ্য অধিদপ্তরে বদলি

সৈয়দ ছায়েদ আহমদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. সিনথিয়া তাসমিনকে বদলি করা হয়েছে। তাঁকে বর্তমান কর্মস্থল থেকে সরিয়ে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডা. সিনথিয়া তাসমিনকে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বদলি করে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে ন্যস্ত করা হয়েছে। তবে আদেশে তাঁর বদলির কোনো কারণ উল্লেখ করা হয়নি।

এদিকে, সম্প্রতি ডা. সিনথিয়া তাসমিনকে ঘিরে বিভিন্ন অভিযোগ নিয়ে শ্রীমঙ্গলে আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন অনলাইন সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে খবর প্রকাশিত হয়। তাঁর বিরুদ্ধে অবৈধ সর্ম্পক ও অনিয়মের অভিযোগ তুলে সচেতন নাগরিক সমাজের ব্যানারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে মানববন্ধন কর্মসূচিও পালন করা হয়।

স্থানীয়দের একটি অংশের ধারণা, এসব ঘটনার প্রেক্ষাপটে তাঁর বদলির বিষয়টি এসেছে। তবে বদলির সঙ্গে এসব অভিযোগের কোনো যোগসূত্র রয়েছে কি না, সে বিষয়ে প্রজ্ঞাপনে কিছু বলা হয়নি। অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো আনুষ্ঠানিক বক্তব্যও এখানে পাওয়া যায়নি।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, আদেশ জারির পাঁচ কর্মদিবসের মধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাকে দায়িত্বভার হস্তান্তর করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর না করলে ষষ্ঠ কর্মদিবস থেকে তাঁকে সরাসরি অবমুক্ত বলে গণ্য করা হবে।

এ ছাড়া পরবর্তী পদায়ন করা কর্মস্থলে যোগদান করা বাধ্যতামূলক করা হয়েছে। যথাযথ কারণ ছাড়া নতুন কর্মস্থলে যোগদান না করলে তা অসদাচরণ হিসেবে বিবেচিত হবে এবং এ ক্ষেত্রে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হতে পারে।

জনস্বার্থে এ আদেশ কার্যকর করার কথা উল্লেখ করে স্বাস্থ্য অধিদপ্তরের প্রশাসন শাখা থেকে প্রজ্ঞাপনটি জারি করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram