

মহিউদ্দিন, বাঘাইছড়ি প্রতিনিধি: সীমান্তে হত্যা, অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও অস্ত্র চোরাচালান প্রতিরোধে রাঙ্গামাটির বাঘাইহাটে স্থানীয় পাহাড়ি জনসাধারণের সাথে এক জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (০৮ অক্টোবর, ২০২৬) সকাল ১০:০০ টা থেকে ১১:০০ টা পর্যন্ত বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধীনস্থ জুপুই বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
বাঘাইহাট ব্যাটালিয়নের (৫৪ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মহিউদ্দিন ফারুকী, পদাতিক-এর নির্দেশনায় জুপুই বিওপির কমান্ডার স্থানীয় বাসিন্দাদের নিয়ে এ সভার আয়োজন ও পরিচালনা করেন।
সভায় সীমান্তে যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে স্থানীয়দের সহযোগিতা কামনা করা হয়। বিশেষ করে সীমান্ত হত্যা বন্ধ, অবৈধ পারাপার রোধ, এলাকা দিয়ে মাদক ও অবৈধ অস্ত্রের চোরাচালান বন্ধে করণীয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়। একই সাথে সীমান্তে যেকোনো সন্দেহভাজন গতিবিধি লক্ষ্য করলে তাৎক্ষণিকভাবে বিজিবিকে অবহিত করার জন্য বিওপি কমান্ডারের পক্ষ থেকে স্থানীয় জনসাধারণের প্রতি আহ্বান জানানো হয়।
