ঢাকা
logo
প্রকাশিত : October 8, 2026

এয়ারবাসের সঙ্গে চুক্তি সই, বিমানের বহরে যুক্ত হচ্ছে আরও ১০ উড়োজাহাজ

ইউরোপের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এর ফলে দীর্ঘদিন ধরে মূলত বোয়িংনির্ভর থাকা রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থাটির বহরে প্রথমবারের মতো এয়ারবাসের উড়োজাহাজ যুক্ত হতে যাচ্ছে।

বুধবার (৭ অক্টোবর) রাত ৯টা ২৫ মিনিটে রাজধানীর র‌্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও এয়ারবাসের মধ্যে চুক্তিটি সই হয়।

চুক্তি অনুযায়ী, চারটি এ৩৫০-৯০০ এবং ছয়টি এ৩২১নিও মডেলের উড়োজাহাজ কিনবে বিমান। এর মধ্যে এ৩৫০-৯০০ উড়োজাহাজগুলো দূরপাল্লার আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনায় ব্যবহার করা হবে। অন্যদিকে আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে চলবে এ৩২১নিও।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার।

বিমানের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাইজার সোহেল আহমেদ এবং এয়ারবাসের পক্ষে জুর্গেন ওয়েস্টারমায়ার চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তির আওতায় উড়োজাহাজ সরবরাহ ২০৩৩ সাল থেকে শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ধাপে ধাপে ২০৩৬ কিংবা ২০৩৭ সালের মধ্যে ১০টি উড়োজাহাজই বিমানের বহরে যুক্ত হওয়ার কথা। তবে এসব উড়োজাহাজ কেনার মোট বাণিজ্যিক মূল্য এখনো প্রকাশ করা হয়নি।

বিমানের পরিকল্পনা অনুযায়ী, চারটি এ৩৫০-৯০০ দিয়ে দীর্ঘপথের আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করা হবে। আর ছয়টি এ৩২১নিও এমন আঞ্চলিক ও মাঝারি দূরত্বের রুটে ব্যবহার করা হবে, যেখানে বড় আকারের উড়োজাহাজ পরিচালনার প্রয়োজন হয় না।

বোয়িংয়ের পাশাপাশি এবার এয়ারবাস

বর্তমানে বিমানের জেট বহরের অধিকাংশ উড়োজাহাজই বোয়িংয়ের তৈরি। ফলে এয়ারবাসের ১০টি উড়োজাহাজ যুক্ত হলে সংস্থাটির বহরে প্রথমবারের মতো বোয়িং ও এয়ারবাস—দুই নির্মাতার উড়োজাহাজ একসঙ্গে পরিচালিত হবে।

এ বছরের শুরুতেই বোয়িংয়ের কাছ থেকেও নতুন উড়োজাহাজ কেনার জন্য দুই দফায় চুক্তি করেছে বিমান। গত ৩০ এপ্রিল প্রায় ৩ দশমিক ৭ বিলিয়ন ডলারে ১৪টি উড়োজাহাজ কেনার চুক্তি করা হয়। ওই বহরে রয়েছে আটটি ৭৮৭-১০ ড্রিমলাইনার, দুটি ৭৮৭-৯ ড্রিমলাইনার এবং চারটি ৭৩৭-৮। বাংলাদেশি মুদ্রায় চুক্তিটির মূল্য প্রায় ৪৫ হাজার ৪০৮ কোটি টাকা।

এরপর গত ২৩ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউইয়র্কে আরও ১১টি বোয়িং উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। এসবের মধ্যে পাঁচটি ৭৮৭-১০ এবং ছয়টি ৭৩৭-৮ ম্যাক্স রয়েছে। দুই চুক্তি মিলিয়ে বোয়িংয়ের কাছ থেকে বিমানের নতুন উড়োজাহাজ কেনার সংখ্যা দাঁড়িয়েছে ২৫টিতে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বোয়িংয়ের এসব উড়োজাহাজ ২০৩১ সাল থেকে ধাপে ধাপে বিমানের বহরে যুক্ত হতে পারে। পুরো বহর পেতে ১১ থেকে ১২ বছর পর্যন্ত সময় লাগার সম্ভাবনা রয়েছে। চুক্তির সময় একসঙ্গে পুরো অর্থ পরিশোধের প্রয়োজন হবে না; প্রতিটি উড়োজাহাজ সরবরাহের সময় সংশ্লিষ্ট মূল্য পরিশোধ করা হবে। তবে বিমান কর্তৃপক্ষ অন্তত একটি উড়োজাহাজ ২০২৭ বা ২০২৮ সালে পাওয়ার বিষয়ে আগ্রহ জানিয়েছে।

নতুন ৩৫ উড়োজাহাজে বদলে যাবে বহরের চিত্র

এয়ারবাসের ১০টি এবং বোয়িংয়ের ২৫টি উড়োজাহাজ যুক্ত হলে আগামী দিনে বিমানের বহরে নতুন উড়োজাহাজের সংখ্যা হবে ৩৫। এর মধ্যে ১৯টি হবে ওয়াইড-বডি এবং ১৬টি ন্যারো-বডি উড়োজাহাজ।

বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে রয়েছে ১৯টি উড়োজাহাজ। এর মধ্যে ১৪টি বোয়িং এবং পাঁচটি ড্যাশ-৮। তবে এর দুটি প্রায় অচল অবস্থায় রয়েছে। বাকি ১৭টি উড়োজাহাজও আগামী কয়েক বছরের মধ্যে ধাপে ধাপে বহর থেকে সরিয়ে নেওয়ার কথা রয়েছে।

পুরোনো উড়োজাহাজগুলো বাদ দেওয়ার আগেই সম্ভাব্য সক্ষমতার ঘাটতি সামাল দিতে আরও ১০টি উড়োজাহাজ লিজ নেওয়ার উদ্যোগ নিয়েছে বিমান। একাধিকবার চেষ্টা চালানো হলেও এখন পর্যন্ত কোনো উড়োজাহাজ ভাড়া নেওয়ার চুক্তি করতে পারেনি সংস্থাটি।

তবে বর্তমানে থাকা ১৯টি উড়োজাহাজের সঙ্গে চুক্তিবদ্ধ ২৫টি বোয়িং এবং ১০টি এয়ারবাস যুক্ত হলে ভবিষ্যতে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা ৫০ ছাড়িয়ে যেতে পারে। নতুন উড়োজাহাজগুলো হাতে পাওয়ার আগ পর্যন্ত স্বল্পমেয়াদি সক্ষমতার ঘাটতি পূরণে উড়োজাহাজ লিজ নেওয়ার বিষয়টিও বিবেচনায় রাখছে রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইনসটি।

সুত্র: রূপালী বাংলাদেশ

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram