

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুরে নারী ধর্ষণের দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের আদালত। এছাড়াও তিন লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো ৩ বছরের সাজা দেয়া হয়েছে।
সাজাপ্রাপ্তরা হলেন, মধুপুর উপজেলার ব্রাহ্মনবাড়ী এলাকার নজরুল ইসলামের ছেলে মোঃ আরিফ ও আয়নালের ছেলে মোঃ রুবেল। বুধবার জেলা জেলা শিশু ও নারী সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ড. আব্দুল মজিদ এই রায় ঘোষণা করেন। এসময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী (পিপি) খন্দকার মো. রোকুনুজ্জামান বলেন, ধর্ষিতা গভীর রাতে নিজ বাড়ি থেকে প্রতিবেশী প্রেমিক মোস্তাকের বাড়ি যাওয়ার পথে স্থানীয় একটি পুকুর পাড়ে পৌছালে ধর্ষক আরিফ ও রুবেল তার পথরোধ করে। এক পর্যায়ে তর্কবিতর্ক শেষে ধর্ষিতাকে পাশের একটি কাচারী ঘরের বারান্দার খুঁটির সাথে ধর্ষিতাকে রশি দিয়া বেধে ফেলে। পরে দুইজন রাতভর পালাক্রমে ধর্ষণ করে বাধন খুলে দেয়। পরে সকালে নির্যাতিতা মধুপুর থানায় গিয়ে দুইজনের বিরুদ্ধে ধর্ষণের মামলা করে। সাক্ষ্য প্রমাণ শেষে আজ দুপুরে এই মামলায় বিচারক দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে। একই সাথে ৩ লাখ টাকা জরিমানা অনাদায়ে আরো তিন বছরের জেল দিয়েছেন বিচারক।
