ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

গুদামে ১২৭ গ্যাস সিলিন্ডার, সাটুরিয়ায় ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: নির্ধারিত দামের চেয়ে বেশি দামে এলপিজি গ্যাস বিক্রি ও অবৈধভাবে সিলিন্ডার মজুতের অভিযোগে মানিকগঞ্জের সাটুরিয়ায় তিনটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযানে একটি গুদাম থেকে অবৈধভাবে মজুত রাখা ১২৭টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করে সরকারি নির্ধারিত দামে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) সাটুরিয়া ও দরগ্রাম বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মানিকগঞ্জ জেলা কার্যালয় এ অভিযান চালায়। সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেলের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর গ্যাসের মজুত, বিক্রয়মূল্য ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়।

অভিযানে দরগ্রাম বাজারের মোকাদ্দেছ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা, সাটুরিয়া বাজারের আবদুল্লাহ এন্টারপ্রাইজকে ৫ হাজার টাকা এবং একই বাজারের মাছরাঙ্গা এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে একটি গুদামে অভিযান চালিয়ে ১২৭টি এলপিজি সিলিন্ডার উদ্ধার করা হয়। পরে সিলিন্ডারগুলো সরকারি নির্ধারিত বাজারমূল্যে সাধারণ ভোক্তাদের কাছে বিক্রি করা হয়।

সহকারী পরিচালক মো. আসাদুজ্জামান রুমেল বলেন, এলপিজি গ্যাসের কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি বন্ধে বাজার তদারকির অংশ হিসেবে অভিযানটি চালানো হয়েছে। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে মানিকগঞ্জ জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা রওশন আরা রিনি, সাটুরিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর নিলুফা ইয়াসমিন ঝরনা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram