ঢাকা
logo
প্রকাশিত : October 7, 2026

কিশোরগঞ্জের কটিয়াদীতে স্কুল থেকে ছাত্রীকে নিয়ে যাওয়ার অভিযোগ, নারী গ্রেপ্তার

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের কটিয়াদীতে বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে মায়ের অসুস্থতার কথা বলে বিদ্যালয় থেকে নিয়ে যাওয়ার অভিযোগে প্রিয়া বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন শিশুটিসহ ওই নারীকে আটক করে পুলিশের কাছে দেন। প্রিয়া বেগমের বাড়ি বাজিতপুর উপজেলায় বলে জানা গেছে।

বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে তৃতীয় শ্রেণির ছাত্রী ইলমা আক্তারসহ কয়েকজন শিক্ষার্থী খেলছিল। এ সময় প্রিয়া বেগম শিশুটিকে অনুসরণ করতে থাকেন বলে অভিযোগ। একপর্যায়ে শিশুটির মায়ের অসুস্থতার কথা বলে তাকে একটি অটোরিকশায় করে বিদ্যালয় এলাকা থেকে নিয়ে যান তিনি।

বিষয়টি শিশুটির সহপাঠীদের নজরে এলে তারা বিদ্যালয়ের শিক্ষকদের জানায়। শিক্ষকেরা বিষয়টি সন্দেহজনক মনে করে স্থানীয় অভিভাবকদের খবর দেন। পরে স্থানীয় কয়েকজন বাসিন্দা শিশুটিকে খুঁজতে বের হন। প্রায় এক কিলোমিটার দূরে সড়কে শিশুটিসহ ওই নারীকে দেখতে পেয়ে তাঁকে আটক করেন তাঁরা। পরে তাঁকে বেথইর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে আসা হয়।খবর পেয়ে কটিয়াদী থানার পুলিশ বিদ্যালয়ে গিয়ে প্রিয়া বেগমকে হেফাজতে নেয়। পরে তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোস্তফা কামাল বলেন, ‘এ ধরনের ঘটনা অত্যন্ত উদ্বেগজনক ও নিন্দনীয়। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সে জন্য শিক্ষক, অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের আরও সচেতন থাকতে হবে।’

পুলিশ জানিয়েছে, শিশুটিকে কী উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় জড়িত নারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ঘটনাটি জানাজানি হলে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। শিশুদের বিদ্যালয়ে আসা-যাওয়া ও ছুটির সময় নিরাপত্তা নিশ্চিত করতে আরও সতর্ক থাকার কথা জানিয়েছেন অভিভাবকেরা।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram