

মো: নাজমুল হোসেন ইমন, চট্টগ্রাম: জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য জাতীয় পর্যায়ে স্বীকৃতি পেয়েছে চট্টগ্রাম জেলা প্রশাসন।
জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা দেওয়া হয়। চট্টগ্রাম জেলা প্রশাসনের পক্ষে পুরস্কার গ্রহণ করেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান।
রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় আয়োজিত এবারের দিবসের প্রতিপাদ্য ছিল ‘নির্ভুল নিবন্ধন, নিশ্চিত হবে সুশাসন’।
জেলা প্রশাসন জানায়, জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার তত্ত্বাবধানে জেলার ১৯১টি ইউনিয়ন পরিষদ, ১৫টি পৌরসভা, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৪১টি ওয়ার্ড এবং চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডে জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রম পরিচালিত হচ্ছে।
চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত আট মাসে চট্টগ্রামের ১৫ উপজেলায় ১ লাখ ৩৮ হাজার ৬৪২টি জন্ম এবং ১৯ হাজার ৭৭১টি মৃত্যু নিবন্ধন সম্পন্ন হয়েছে।
নিবন্ধনের লক্ষ্যমাত্রা অর্জনের পাশাপাশি নির্ভুল সনদ প্রদান এবং সেবাপ্রার্থীদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত নির্দেশনা ও কার্যক্রম পর্যবেক্ষণ করা হচ্ছে।
স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী আবদুল মঈন খান। বিশেষ অতিথি ছিলেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এ ছাড়া সরকারের বিভিন্ন দপ্তর ও উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
