ঢাকা
logo
প্রকাশিত : October 5, 2026

চাঁপাইনবাবগঞ্জে স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টায় শিক্ষকের ৫ বছরের কারাদণ্ড

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে গোলাম কবির নামে এক শিক্ষককে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ সোমবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ও জেলা ও দায়রা জজ মাইনুদ্দিন হিরা এ রায় দেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

দণ্ডপ্রাপ্ত গোলাম কবির শিবগঞ্জ উপজেলার ছত্রাজিতপুর ইউনিয়নের কাঠালিয়াপাড়ার মৃত তাজেমুল হকের ছেলে। তিনি ছত্রাজিতপুর উচ্চ বিদ্যালয়ের শরীরচর্চা বিষয়ের শিক্ষক ছিলেন।

মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০২২ সালের ২১ আগস্ট বিদ্যালয় চলাকালে জীববিজ্ঞান বই নেওয়ার জন্য ওই ছাত্রী শিক্ষকের কাছে গেলে তাকে ২৩ আগস্ট বিকেলে স্কুলে আসতে বলেন গোলাম কবির। ওই দিন স্কুলে গেলে তাকে শিক্ষক-কর্মচারী কল্যাণ ট্রাস্টের অফিসকক্ষে নিয়ে দরজা-জানালা বন্ধ করে ধর্ষণের চেষ্টা করেন তিনি। এ সময় স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

ঘটনার দিনই ছাত্রীর চাচা শিবগঞ্জ থানায় মামলা করেন। তদন্ত শেষে একই বছরের ২০ সেপ্টেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে আদালত এ রায় দেন।

বাদীপক্ষের আইনজীবী এম আব্দুস সালাম বলেন, ধর্ষণচেষ্টার অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি রবিউল হক দোলন। আসামিপক্ষে ছিলেন আইনজীবী নাজমুল আজম।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram