

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ইজারাবিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একজনকে জরিমানা ও অপরজনকে কারাদণ্ড দেয়া হয়েছে।
রবিবার দুপুরে উপজেলা বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা ও একেই উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের শান্তিপুর নদীতে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, যাদুকাটা নদীতে ঘাগটিয়া আদর্শ গ্রাম সংলগ্ন এলাকায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এসময় উপস্থিত গ্রামবাসীদের অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সতর্ক করা হয়। তৎপরবর্তীতে শান্তিপুর নদীর পাড় কেটে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর নদীর উত্তর পাড়ে অভিযান পরিচালনা করা হয় এবং মোবাইল কোর্টের মাধ্যমে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর অধীনে লাল মিয়া (৫৪)-কে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও হোসেন আলী (২২)-কে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। অভিযান পরিচালনায় সহযোগিতা করেন তাহিরপুর থানার পুলিশ সদস্যবৃন্দ।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বি এম এস আর আলিফ এর সত্যতা নিশ্চিত করে জানান, অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে তাহিরপুর উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
