ঢাকা
logo
প্রকাশিত : October 2, 2026

জিআই পণ্যে স্বীকৃত হাজারীগুড়ের চাহিদা বাড়লেও বাড়েনি উৎপাদন

আবিদ হাসান, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি: মানিকগঞ্জের হরিরামপুরের ঐতিহ্যবাহী হাজারী গুড় জিআই পণ্য হিসেবে অন্তর্ভুক্ত হওয়ায় গুড়ের চাহিদা বেড়ে গেছে। কিন্তু খেজুরের গাছ এবং গাছীর সংখ্যা দিন দিন কমে যাওয়ায় হাজারী গুড়ের ক্রমবর্ধমান চাহিদা পুরণ করা সম্ভব হচ্ছে না। এই সুযোগে অনেকেই নকল হাজারী গুড় তৈরি করে এর সুনাম নষ্ট করছে। এই গুড়ের চাহিদা পূরণ, এর সুনাম রক্ষা করতে হলে খেজুর গাছের চারা রোপণ করতে এবং ভেজালবিরোধী অভিযান করতে হবে। পাশাপাশি এর পৃষ্ঠপোষকতার জন্য সরকারকে এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার বিকেলে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের ঝিটকা মধ্যপাড়া হাজারী পল্লীতে হাজারী গুড় উৎপাদনকারীদের সাথে মতবিনিময় সভায় এমন চিত্র উঠে আসে।

হরিরামপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) খায়রুল ইসলাম, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা মো. তৌহিদুজ্জামান খান, সহকারি কমিশনার (ভূমি) ফাহিজা বীসরাত হোসেন, হরিরামপুর থানা অফিসার-ইন-চার্জ (ওসি) জে ও এম তৌফিক আজম, হাজারী পরিবারের সপ্তম বংশধর শফিকুল ইসলাম শামীম হাজারী, বাল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাচ্চু মিয়া, জেলা কৃষকদলের সহসভাপতি দেলোয়ার হোসেন, বাল্লা ইউনিয়ন বিএনপি'র সাধারণ সম্পাদক জহিরুল আলম ভুইয়া তারেকসহ হাজারী গুড় উৎপাদনকারী গাছিরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, হাজারী গুড়ের জিআই স্বীকৃতি এ অঞ্চলের ঐতিহ্যবাহী এ পণ্যের পরিচিতি এবং চাহিদা আরও বেড়ে গেছে। একারণে গুড় উৎপাদনকারী পরিবারগুলোর অর্থনৈতিক অবস্থার উন্নয়ন এবং স্থানীয় ঐতিহ্য সংরক্ষণে সকলকে এগিয়ে আসতে হবে।

আব্দুল করিম গাছি বলেন, 'এখানে ৩৫টি পরিবার হাজারী গুড় তৈরির সাথে জড়িত। দিনদিন এই সংখ্যা কমে যাচ্ছে। গাছেরও ঘাটতি রয়েছে। গাছের সংখ্যা বাড়াতে হবে। জ্বালানী সংকটের কারণেও গুড়ের উৎপাদন ব্যহত হচ্ছে।'

জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, 'হাজারী গুড়ের ঐতিহ্য, উৎপাদন প্রক্রিয়া, গুণগত মান সংরক্ষণ এবং জিআই স্বীকৃতির ফলে এ অঞ্চলের গুড় উৎপাদনকারীদের সম্ভাবনা রয়েছে। আজকের সভায় হাজারী গুড় উৎপাদনকারীদের কথা শুনেছি। উৎপাদন ও বাজারজাতকরণের ক্ষেত্রে তাদের সমস্যাগুলো চিহ্নিত করে তার সমাধানের উদ্যোগ গ্রহণ করবো।'

তিনি বলেন, 'জিআই পণ্য হিসেবে হাজারী গুড় স্বীকৃতি পাওয়ার পর এর চাহিদা বেড়ে গেছে। এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে খেঁজুর গাছ রোপণের কর্মসূচী চলমান আছে। এসব গাছের পরিচর্যা করতে হবে স্থানীয়দের। বায়োগ্যাসের মাধ্যমে জ্বালানী সংকট দূর করতে এবার পরীক্ষামূলকভাবে কাজ শুরু করার উদ্যোগ গ্রহণ করা হবে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram