

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি: কৃষকদের হাতে সরকারি সহায়তা পৌঁছে দিতে পাইলট প্রকল্পের আওতায় কৃষক কার্ড বিতরণ ও কৃষি উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। এ প্রকল্পের আওতায় রাজশাহীর পুঠিয়া উপজেলার তারাপুর কৃষি ব্লকের ১ হাজার ১২৪ জন কৃষককে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ফেনীর ফুলগাজী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কর্মসূচির উদ্বোধন করেন। একই সঙ্গে দেশের বিভিন্ন জেলার নির্বাচিত উপজেলা ও কৃষি ব্লকে সরাসরি সম্প্রচারের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠান দেখানো হয়।
এর অংশ হিসেবে পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে প্রজেক্টরের মাধ্যমে অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয়। এ সময় কৃষক কার্ড ও কৃষি উপকরণ কেনার জন্য আর্থিক সহায়তা কর্মসূচির বিভিন্ন দিক তুলে ধরা হয়।
সরকারি তথ্য অনুযায়ী, পাইলট প্রকল্পের আওতায় চলতি বছর ৪৩ লাখ কৃষকের তথ্যভান্ডার তৈরির কাজ চলছে। প্রথম ধাপে ১ লাখ ১০ হাজার ১৬৫ জন কৃষককে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে। এর মধ্যে ১ অক্টোবর ১ লাখ ৪৭ জন কৃষককে কৃষি উপকরণ কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা করে সহায়তা দেওয়ার কথা রয়েছে।
পুঠিয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মণ্ডল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লিয়াকত সালমান। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইসরাফিল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার মো. ইউসুফ আলী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের রাজশাহী অঞ্চলের অতিরিক্ত পরিচালক ড. মো. আজিজুর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদল ইসলাম এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোস্তফা কামাল হোসেন।
এ ছাড়া উপস্থিত ছিলেন পুঠিয়ার সহকারী কমিশনার (ভূমি) শিবু দাস সুমিত, সাবেক উপজেলা চেয়ারম্যান আনোয়ারুল ইসলাম জুম্মা, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী সরকার, পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফরিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মনসুর রহমান মাস্টার, বানেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক দুলাল ও বানেশ্বর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক হযরত আলী সরকার।
অনুষ্ঠানে কৃষি বিভাগের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, কৃষক কার্ডপ্রাপ্ত কৃষক এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
