

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল প্রতিনিধি: নড়াইলে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর হতে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক সাফায়েত হোসেন তালুকদারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোস্তাফিজুর রহমান আলেক, প্রবীণ হিতৈষী সংঘ, নড়াইলের সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আব্দুস ছামি মোল্যা।
অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেল। এসব কর্মসূচিতে উপস্থিত ছিলেন নড়াইল জেলা রিপোর্টার্স ইউনিটি’র সভাপতি হুমায়ুন কবীর রিন্টু, জেলা ওলামা দলের সভাপতি মাওলানা সৈয়দ তৈয়্যব আলী প্রমুখ।
