

মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের মোল্লাহাটে শিশু মুসলিমা আক্তার (৭) কে গলা কেটে হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সকাল ১০ টায় কচুড়িয়া খা মার্কেট মোল্লাহাট-চিতলমারী সড়ক এলাকায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, একটি শিশুকে হত্যার ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও নিন্দনীয়। এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শুরুর স্থল কচুড়িয়া খা মার্কেটে এ গিয়ে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা শিশু মুসলিমা আক্তার হত্যার বিচার, হত্যাকারীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।
বক্তারা আরও বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে, সে জন্য আইনশৃঙ্খলা পরিস্থিতি জোরদারের আহ্বান জানান তারা।
কর্মসূচিতে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী, শিক্ষক, শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহাদৎ হোসেন জানান, এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। এ ঘটনায় মুসলিমা আক্তারের পিতা বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছে। বাকী আসামীদের ও আটকের চেষ্টা ও তদন্ত চলছে।
এর আগে গত শনিবার (২৬ সেপ্টেম্বর) মোল্লাহাট উপজেলায় পান বরজের পাশ থেকে মুসলিমা খাতুন (৭) নামে এক শিশুর বস্তাবন্দি গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
