

মেছবাহ উদ্দিন, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর রেগুলেটর নির্মাণসহ ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা ও নদী ব্যবস্থাপনা এবং নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে ৭৫১ কোটি ৭৭ লাখ টাকার প্রকল্প অনুমোদিত হয়েছে। এই জনগুরুত্বপূর্ণ প্রকল্প অনুমোদন দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সংবাদ সম্মেলন করেছে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গত মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) রাত ৮টায় কোম্পানীগঞ্জের বসুরহাটের নির্ঝর কনভেনশন হলে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে প্রকল্প অনুমোদনের জন্য স্থানীয় সংসদ সদস্য (নোয়াখালী-৫ আসন) মোহাম্মদ ফখরুল ইসলাম, পানি সম্পদমন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানী এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টুসহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নুরুল আলম শিকদার সভাপতিত্ব করেন এবং সংগঠনের পক্ষ থেকে বক্তব্য উপস্থাপন করেন।
বক্তব্যে বলা হয়, মুছাপুর রেগুলেটর ও ক্লোজার ধসে পড়ার পর থেকেই কোম্পানীগঞ্জসহ আশপাশের এলাকায় তীব্র নদীভাঙন, জলাবদ্ধতা, বন্যা এবং পানি নিষ্কাশনের মারাত্মক সংকট তৈরি হয়েছিল। দীর্ঘদিন ধরে এলাকাবাসী এই রেগুলেটর পুনর্নির্মাণ ও টেকসই পানি ব্যবস্থাপনার দাবি জানিয়ে আসছিলেন। বর্তমান এই প্রকল্প অনুমোদনের ফলে এলাকাবাসীর দীর্ঘদিনের সেই প্রত্যাশা পূরণের পথ উন্মুক্ত হলো।
নুরুল আলম শিকদার আরও বলেন, এই প্রকল্পটি শুধু মুছাপুর রেগুলেটর নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এর আওতায় ছোট ফেনী ও বামনী নদী অববাহিকায় সমন্বিত বন্যা নিয়ন্ত্রণ, নদী ব্যবস্থাপনা এবং পানি নিষ্কাশন ব্যবস্থার সামগ্রিক উন্নয়ন করা হবে। প্রকল্পটি যথাযথভাবে বাস্তবায়িত হলে স্থানীয় কৃষি, জনজীবন ও অর্থনীতিতে দারুণ ইতিবাচক প্রভাব পড়বে।
প্রকল্পের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সাংবাদিকদের সহযোগিতা ও নজরদারি কামনা করে তিনি বলেন, নির্মাণকাজে স্বচ্ছতা, জবাবদিহি এবং কাজের গুণগত মান নিশ্চিত করতে হবে। নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার, যেকোনো ধরনের অনিয়ম, দুর্নীতি কিংবা প্রকল্পের অর্থের অপব্যবহার রোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর তদারকি ও নিয়মিত পরিদর্শনের আহ্বান জানান তিনি।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপি নেতা আফতাব আহমেদ বাচ্চু, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন, উপজেলা যুবদলের আহ্বায়ক ফজলুল কবির ফয়সাল, সাধারণ সম্পাদক জাহিদুর রহমান রাজন, বসুরহাট পৌরসভা যুবদলের আহ্বায়ক ওবায়দুল হক রাপেলসহ উপজেলা ও পৌরসভা বিএনপি এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ স্থানীয় নেতাকর্মী ও সংবাদকর্মীরা।
বক্তারা প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নের পাশাপাশি ভবিষ্যতে এর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও কার্যকর মনিটরিং ব্যবস্থা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
