

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলার ঈশানপুর গ্রামের অসুস্থ ও অসহায় ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায়ের মানবিক সহায়তার আবেদন নিয়ে সংবাদ প্রকাশের পর তাদের পাশে দাঁড়িয়েছেন গণমাধ্যমকর্মী রশিদুল ইসলাম টিপু।
রশিদুল ইসলাম টিপু দৈনিক আমার সংবাদ ও দি বাংলাদেশ টুডে কাহারোল উপজেলা প্রতিনিধি এবং দৈনিক খবর একদিন পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে কর্মরত রয়েছেন।
খবরটি নজরে আসার পরপরই সোমবার (২৮ সেপ্টেম্বর) তিনি ব্যক্তি উদ্যোগে পরিবারটির জন্য প্রায় এক মাসের খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী নিয়ে সরাসরি তাদের বাড়িতে ছুটে যান।
সহায়তার মধ্যে ছিল চাল, ডাল, তেল, আটা, সাবানসহ বিভিন্ন প্রয়োজনীয় খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী। এসব সামগ্রী পেয়ে ভবেশ চন্দ্র রায় ও নিরু রানী রায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং রশিদুল ইসলাম টিপুর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগকে স্থানীয়রা মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন। সংবাদমাধ্যমে প্রকাশিত একটি মানবিক প্রতিবেদন যে একজন অসহায় পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারে—এই ঘটনাটি তারই একটি সুন্দর উদাহরণ।
মানবিক এই উদ্যোগের জন্য রশিদুল ইসলাম এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
