

তিতাস (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার তিতাস উপজেলায় অজ্ঞাত এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে তিতাস থানা পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মজিদপুর ইউনিয়নের শাহপুর উত্তর চকের পাড়া সংলগ্ন মাইঠা নদীর সংযোগ গাজীপুর খাল থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তি পুরুষ। তার বয়স আনুমানিক ৫০ থেকে ৫৫ বছর। তার মুখে পাকা দাড়ি রয়েছে। পরনে ছিল কালো রঙের ফুলহাতা জার্সি ও সাদা রঙের থ্রি-কোয়ার্টার প্যান্ট। মরদেহটি কয়েক দিন আগের বলে ধারণা করছে পুলিশ। দীর্ঘ সময় পানিতে থাকায় শরীরের বিভিন্ন অংশের চামড়া উঠে গেছে।
স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তিতাস থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান ও এসআই রবিউল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে খাল থেকে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিরুল হক বলেন, স্থানীয়দের মাধ্যমে শাহপুর উত্তর চকের পাড়া সংলগ্ন খালে একটি ভাসমান লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। পরে মরদেহটি উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
