

একে মিলন, সুনামগঞ্জ: সারাদেশে পরিকল্পিত সন্ত্রাস, নৈরাজ্য ও গভীর ষড়যন্ত্রের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করে তোলার অপচেষ্টার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি।
রবিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জেলা বিএনপির উদ্যোগে শহরের প্রধান প্রধান সড়কে একটি বিক্ষোভ মিছিল প্রদক্ষিণ করে। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ঘুরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, একটি কুচক্রী মহল দেশে নানা ধরণের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। সাধারণ মানুষের অধিকার হরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর যেকোনো ষড়যন্ত্র দেশের জনগণ প্রতিহত করবে। এসময় বক্তারা অবিলম্বে সকল ধরনের সন্ত্রাস ও নৈরাজ্য বন্ধের পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জোরালো দাবি জানান।
এ সময় বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ-৫ সংসদীয় আসনের এমপি কলিম উদ্দিন আহমদ মিলন, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সুনামগঞ্জ-৪ সংসদীয় আসনের এমপি এডভোকেট নুরুল ইসলাম নুরুল, জেলা পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী, আনিসুল হক প্রমুখ। বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
