

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শোরুম থেকে মোটরসাইকেল কিনে শ্বশুরবাড়িতে ছিলেন তিনি। সেখান থেকে নিজেই চালিয়ে বাড়ি ফিরছিলেন আব্দুল জলিল ওরফে এরশাদ। পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারান তিনি। ঘটনাটি ঘটেছে আজ শুক্রবার বেলা আড়াইটায় বগুড়ার শেরপুর উপজেলার শালফা নামক স্থানে।
নিহত আব্দুল জলিলের বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার নিশ্চিন্তপুর ইউনিয়নের ডিগ্রি দোরতা পশ্চিম পাড়ায়। তার পিতার নাম মৃত আকবর হোসেন।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহত আব্দুল জলিলের প্রতিবেশী ও নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ফিরোজ বিএসসি।
তিনি জানান, আব্দুল জলিল ওরফে এরশাদ ঢাকার সাভারে একটি কারখানায় এজিএম পদে কর্মরত ছিলেন। ছুটিতে বাড়িতে এসে তিনি এ মাসের ১১ তারিখে ওই মোটরসাইকেলটি কেনেন। বগুড়ার শেরপুরে শ্বশুর বাড়ি থেকে নিজেই বাইকটি চালিয়ে বাড়ি ফেরার পথে শালফা নামক স্থানে একটি ট্রাকের সাথে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন। এসময় তার নিকটে থাকা এনআইডি কার্ড দেখে স্বজনদের খবর দেন স্থানীয় লোকজন। পরে তাকে সেখান থেকে বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কাজিপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, এখনো আমরা এ ধরনের খবর পাইনি।
