

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি: হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সরকারি অফিসে ঘটা করে নিজের জন্মদিন পালন করলেন। শিক্ষকদের কাছ থেকে পেলেন নানান উপঢৌকন। এ নিয়ে প্রশ্ন উঠেছে শিষ্টাচার ও সরকারি কর্মচারী শৃঙ্খলা এবং আপিল বিধি নিয়ে। ফেইসবুকে চলছে সমালোচনা।
গত ১৬ সেপ্টেম্বর বুধবার দুপুরে নোয়াখালীর হাতিয়া উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে শিক্ষা কর্মকর্তা মো. আ: জব্বার(চলতি দায়িত্ব) প্রায় শতাধিক শিক্ষক নিয়ে ঘটা করে নিজের জন্মদিন পালন করেছেন। অনুষ্ঠানের ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তার সরকারি কর্মচারী আচরণবিধি ও শিষ্টাচার নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠে।
জন্মদিন পালনের ছবিতে দেখা যায়, উপজেলা শিক্ষা কর্মকর্তা আ: জব্বারকে শিক্ষক-কর্মচারীরা কেক খাইয়ে দিচ্ছেন। মোমবাতি জ্বালিয়ে তাকে শুভেচ্ছা জানাচ্ছেন বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও অফিসে থাকা কর্মচারীরা। তারা দলবদ্ধ হয়ে আলাদাভাবে আ: জব্বারের হাতে পোশাকসহ মূল্যবান জিনিসের প্যাকেট তুলে দিচ্ছেন।
এর আগে ১৫ সেপ্টেম্বর নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘জন্মদিনের শুভ লগ্নে শুভাকাঙ্ক্ষীদের মনে পড়ে...’ একটি স্বরচিত কবিতা পোস্ট করেন আ: জব্বার।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, জন্মদিনের আগে তার ফেইসবুকে স্ট্যাটাস দেওয়ার মানে হল- আমরা যাতে চাঁদা কালেকশন করে জন্মদিনের প্রোগ্রামের ব্যবস্থা করি। তাই আমরা বাধ্য হয়ে অর্থ সংগ্রহ করি। সে টাকা দিয়ে তাকে এবং তার স্ত্রী-সন্তানদের জন্য শার্ট, প্যান্ট-ব্লেজার, শাড়ীসহ দামী কিছু সামগ্রী দিতে হয়েছে।
তারা বলেন, আ: জব্বার একজন কেরানী নির্ভর কর্মকর্তা। এক বিবেক বর্জিত লোভী লোক। ২০২৫ সালের ১৮ নভেম্বর অধিদপ্তরের এক আদেশে তার বদলি হয়।অথচ ঘুষ তদবির করে এক সপ্তাহের মাথায় ২৫ নভেম্বর ওই আদেশ বাতিল করে স্বপদে বহাল থেকে যান। তিনি ও তার উচ্চমান সহকারী নাজিম উদ্দিনের দীর্ঘদিনের অনিয়ম-দুর্নীতি ও অসদাচরণে শিক্ষক, সহকারী শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীরা অতিষ্ঠ।
ব্যক্তিগত এমন আনুষ্ঠানিকতা পালনকে কেন্দ্র করে আ: জব্বার ও নাজিম উদ্দিনের অতীত বর্তমানের অনিয়ম-দুর্নীতির অনেক ফিরিস্তি তুলে ধরেন ভুক্তভোগী একাধিক শিক্ষক ও সাবেক সহকারী শিক্ষা কর্মকর্তা। অভিযোগের মধ্যে রয়েছে- প্রস্তাবে গড়মিল করে শিক্ষক বদলি ও ডেপুটেশন, বিদ্যালয় পরিদর্শনে অনিয়ম, অনুপস্থিত শিক্ষকদের ঘুষ নিয়ে নিয়মিত বেতন প্রদান, স্মারক জালিয়াতি, সরকারি নথি গোপন, ভুয়া ভাউচার তৈরি করে সরকারি টাকা আত্মসাৎ, তদন্ত প্রতিবেদন পরিবর্তন, কারণ দর্শানো ব্যতিরেকে শিক্ষকের আট মাসের বেতন বন্ধ রাখা। তদন্তে মিথ্যা সাক্ষী প্রদান, শিক্ষা প্রতিষ্ঠানে সকল বরাদ্দে দুর্নীতি, দাবি অনুযায়ী ঘুষ না দেয়ায় পিটিআই প্রশিক্ষণপ্রাপ্ত নিম্ন ধাপে বেতন ভোগী শিক্ষকদের বকেয়া বিল না দেওয়াসহ নানা দুর্নীতি করে আসছে এ কর্মকর্তা ও উচ্চমান সহকারী। এ সংক্রান্ত প্রয়োজনীয় ডকুমেন্টস প্রতিবেদকের হাতে রয়েছে।
ভুক্তভোগীদের দাবি, এসব বিষয়ে বিভিন্ন সময় জেলা ও অধিদপ্তরে লিখিত অভিযোগ দেওয়া হলেও কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। বরং আ: জব্বার বিভিন্ন সময় দাম্ভিকতার সাথে দাবি করেন- চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক নুরুল ইসলামের সাথে বন্ধুত্ব রয়েছে। এবং অধিদপ্তরে তদন্ত ও শৃঙ্খলা শাখায় কর্মরত সহকারী শিক্ষা কর্মকর্তা আজমীরা খাতুনের সাথে ভালো সংযোগ আছে বলে তার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মাছের মতো হজম করে ফেলেন। আর জেলা শিক্ষা কর্মকর্তা ইসরাত নাসিমা হাবীবকে যেভাবে প্রস্তাব দেন- সেভাবে কাজ হয় মর্মে আ: জব্বার দাবি করেন বলে জানান ভুক্তভোগীরা। এসব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রতিবেদক যোগাযোগের চেষ্টা করলে- প্রাথমিক শিক্ষা চট্টগ্রাম বিভাগীয় উপপরিচালক নূরুল ইসলাম মোবাইল ফোনে জানান, তিনি এখন ব্যস্ত আছেন এবং এ ব্যাপারে পরে কথা বলবেন।
আজমীরা খাতুন জানান, আ: জব্বার কে আমি চিনি না। আমাদের কাছে যখন যে কাজ আসে- আমরা সে কাজ করি। এসব বিষয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো উচিত।
নোয়াখালী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(চলতি দায়িত্ব) ইসরাত নাসিমা হাবীব এর সাথে যোগাযোগের চেষ্টা করলে তার ফোন বন্ধ পাওয়া যায়।
এদিকে, হাতিয়া দ্বীপ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর তোফায়েল হোসেন ও উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি আ.ন.ম হাসান মনে করেন- সরকারি অফিসে বসে শিক্ষকদের নিয়ে কর্মকর্তার জন্মদিন পালন চাকরি বিধি লঙ্ঘন ও শাস্তিযোগ্য অপরাধ।
স্কুলে শ্রেণীকার্য চলাবস্থায় শিক্ষকদের নিয়ে সরকারি অফিসে বসে কর্মকর্তার জন্মদিন পালন সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা ২০১৮ ও ১৯৭৯ এর বিধি ৫,৭,৯,২৭ এবং শিষ্টাচার ও নৈতিকতা বিধির সুস্পষ্ট লঙ্ঘন। এবং এধরণের প্রোগ্রাম শিক্ষকদের স্কুল ফাঁকি দেওয়াসহ বিভিন্ন অনিয়ম করার উৎসাহ যোগাবে বলে মন্তব্য করেন সংশ্লিষ্টরা।
অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আ: জব্বার বলেন, এটা ছোটখাটো বিষয়। শিক্ষকদের ভালো লেগেছে- তাই তারা আমার জন্মদিনের অনুষ্ঠান করেছে।
