ঢাকা
logo
প্রকাশিত : September 20, 2026

চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপে সদর থানা চ্যাম্পিয়ন

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:‌ চাঁপাইনবাবগঞ্জে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের ফাইনালে নাচোল থানাকে ৫৬-২৮ পয়েন্টের ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সদর থানা।

রোববার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ পুরাতন স্টেডিয়ামে জেলা পুলিশের আয়োজনে দুই দিনব্যাপী এ প্রতিযোগিতার চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়। জমজমাট এ খেলাকে ঘিরে মাঠে উপস্থিত ছিলেন বিপুলসংখ্যক উৎসুক দর্শক। খেলোয়াড়দের দুর্দান্ত নৈপুণ্য ও আক্রমণ-পাল্টা আক্রমণে পুরো মাঠজুড়ে ছিল উত্তেজনা ও আনন্দের আবহ। দর্শকরাও প্রাণভরে উপভোগ করেন কাবাডির রোমাঞ্চকর লড়াই।

চূড়ান্ত খেলায় সদর থানার সিফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হন। আর পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন নাচোল থানার ইমরান।

খেলা শেষে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেন প্রধান অতিথি রাজশাহী রেঞ্জের ডিআইজি আসিক সাঈদ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী, পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার, জেলা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম হোসেন, সদস্য সচিব হাসিব হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব মশিউর রহমান মিঠুসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও পাঁচ থানার অফিসার ইনচার্জরা।

জেলার সদর, শিবগঞ্জ, গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট থানার খেলোয়াড়রা এ প্রতিযোগিতায় অংশ নেন। এখান থেকে ১৪ জন খেলোয়াড় বাছাই করা হবে। তাদের মধ্যে ১২ জন বিভাগীয় পর্যায়ে খেলবেন। বিভাগীয় পর্যায়ে জয়ী হলে জাতীয় পর্যায়ে অংশ নেওয়ার সুযোগ পাবেন তারা।

প্রধান অতিথি ডিআইজি আসিক সাঈদ যুবসমাজকে মাদক, জুয়া ও মোবাইল ফোনের অপব্যবহার থেকে দূরে থেকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, খেলাধুলা যুবসমাজকে সুস্থ ও সুন্দর জীবন গঠনে ভূমিকা রাখে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram