

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং আদিবাসীদের মানবাধিকার ও ভূমি অধিকার সুরক্ষায় গণমাধ্যম ও সুশীল সমাজের ভূমিকা নিয়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।
আজ রবিবার দুপুরে আমানুরা লুথারেন মিশন হাসপাতাল হলরুমে ‘পরিবেশগত মানবাধিকার ও জলবায়ু অভিযোজন সক্ষমতা বৃদ্ধিতে সুশীল সমাজ ও আদিবাসী জনগোষ্ঠীর অংশগ্রহণ’ এনগেজ প্রকল্পের আওতায় এ সংলাপের আয়োজন করে ন্যাশনাল এজেন্সি ফর গ্রীন রিভুলেশন (এনএজিআর)।
ইউরোপীয় ইউনিয়ন ও নেটজ বাংলাদেশের সহায়তায় এবং ডাসকো ফাউন্ডেশনের তত্ত্বাবধানে সংলাপে চাঁপাইনবাবগঞ্জের সদর ও নাচোল উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
মূল প্রবন্ধে এনএজিআরের নির্বাহী পরিচালক স্টেফান সরেন বলেন, অনিয়মিত বৃষ্টিপাত ও তীব্র খরায় কৃষি উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এতে আদিবাসী জনগোষ্ঠী, নারী ও যুবসমাজ বেশি ঝুঁকিতে রয়েছে। তাদের ভূমি অধিকার রক্ষায় গণমাধ্যম ও সুশীল সমাজকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
প্রকল্পের আওতায় বরেন্দ্র অঞ্চলখ্যাত সদর উপজেলার ঝিলিম ইউনিয়ন এবং নাচোল ও নিজামপুর ইউনিয়নের ২৭টি ওয়ার্ডে কার্যক্রম চলছে। এতে সরাসরি ২ হাজার ৭১৬ জন এবং পরোক্ষভাবে ১১ হাজার ৩৬২ জন প্রান্তিক মানুষ সম্পৃক্ত রয়েছেন। সুবিধাভোগীদের ৭০ শতাংশ নারী ও যুবসমাজ এবং ন্যূনতম ৩০ শতাংশ আদিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি।
সংলাপে জলবায়ু সংবেদনশীল বাজেট বৃদ্ধি, কমিউনিটি সিএসও ও শিক্ষার্থী ফোরাম গঠনের ওপর গুরুত্ব দেওয়া হয়। এ সময় সাংবাদিকরা প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার ও সংকট আরও জোরালোভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেন।
এসময় উপস্থিত ছিলেন, কমিউনিটি কো অর্ডিনেটর ফিলিপ হেমব্রম, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মূর্মসহ প্রিন্ট ও ইলেক্ট্রিনিক মিডিয়ার প্রতিনিধিগণ।
