

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে ১০০ জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে দুই বান্ডিল করে ঢেউটিন বিতরণ করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২ টায় শিবচর উপজেলা পরিষদের পদ্মা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে হুইল চেয়ার বিতরণ করা হয়। একই অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মানবিক সহায়তার আওতায় ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাদারীপুর জেলা প্রশাসক মিস মর্জিনা আক্তার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এইচ এম ইবনে মিজান।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা খরিস চন্দ্র বোস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আবিদ হাসানসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠানে ইউএনও এইচ এম ইবনে মিজান জানান, ১০০ জন প্রতিবন্ধীর হাতে হুইল চেয়ার এবং ২৭টি অসহায় ও দুঃস্থ পরিবারের প্রত্যেককে দুই বান্ডিল করে ঢেউটিন দেওয়া হয়েছে। সরকারের মানবিক সহায়তার মাধ্যমে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর এ কার্যক্রম অব্যাহত থাকবে।
