

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জ সদর উপজেলার বেদভীটা গ্রামে পরি হাজরা (৬৬) নামে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধা গত শনিবার সকাল থেকে নিখোঁজ ছিলেন। তিনি ওই গ্রামের তুলশি হাজরার স্ত্রী। সোমবার সকালে বাড়ির লোকজন নিজ বাড়ির উঠানের সামনে সবজি ক্ষেতের মধ্যে উপুড় হয়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর। সংবাদ পেয়ে গোপালগঞ্জ থানা পুলিশ ও বৌলতলী তদন্তকেন্দ্র পুলিশ গিয়ে গিয়ে মরদেহ উদ্দার করে ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেন।
মৃত বৃদ্ধার ছেলে মৃনাল হাজরা, পুত্রবধু সোমা হাজরা ও প্রতিবেশিরা জানায়, শনিবার সকাল ৯ টার দিকে তিনি বাড়ি থেকে বের হন। পরবর্তীতে বাড়ি ফিরে না আসায় তারা আশপাশ এলাকায় অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরদিন রবিবার গোপালগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরি হাজরার কানে দামী একজোড়া স্বর্ণের গহনা ছিল। দুর্বত্তরা ওই গহনার জন্য পরি হাজরাকে হত্যা করে থাকতে পারে।
বৌলতলী তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ শফিউল্লাহ বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড। ওই বৃদ্ধাকে যে কোন কারণে কে বা কারা হত্যা করে লাশ প্রথমে পানিতে ফেলে দেয়। এবং ওই হত্যাকারীরাই পরে লাশ পানি থেকে তুলে ওই বৃদ্ধার পরিবারের লোকজনের যাতায়াত পথের পাশে সবজি ক্ষেতে রেখে দেয় প্রাথমিকভাবে এমনটি ধারণা করা হচ্ছে। আমরা এ ঘটনার তদন্তকাজ শুরু করেছি। আশা করছি দ্রুতই আমরা হত্যাকারীকে খুঁজে বের করতে সক্ষম হবো।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (তদন্ত) মোঃ সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ময়না তদন্ত করার পর মৃত্যুর কারণ জানা যাবে।
