

গাজীপুর প্রতিনিধি: হেযবুত তওহীদের শীর্ষ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম বলেছেন, বিশ্বের মুসলমানরা বর্তমানে নির্যাতিত হচ্ছে অনৈক্যের কারণে। মুসলমানরা ঐক্যবদ্ধ থাকলে তাদের উপর এই নির্যাতন হতো না। বিশ্বের মুসলিম দেশগুলোর দিকে তাকালে আমরা দেখতে পাই মুসলমানদের উপর নির্যাতন দিন দিন বেড়েই চলেছে। অপরদিকে বিশ্বের মুসলিম দেশগুলো নীরবতা পালন করছে।
মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এই নির্যাতনের মোকাবেলা করতে হবে। মহান আল্লাহ পাকের দেয়া পরিপূর্ণ জীবন ব্যবস্থাকে সমাজ ও রাষ্ট্রে কার্যকর করতে পারলেই মুসলমানদের উপর নির্যাতন বন্ধ হবে এবং শান্তি ফিরে আসবে।
গাজীপুর মহানগরীর সাগর-সৈকত কনভেনশন হলে গাজীপুর মহানগর হেযবুত তওহীদের উদ্যোগে “দ্বীন প্রতিষ্ঠায় জাতীয় ঐক্যের আহবান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বর্তমানে পৃথিবীব্যাপী মুসলমানরা যেভাবে নির্যাতিত হচ্ছে, তার মূল কারণ- তারা ঐক্যহীন হয়ে নিজেদের মধ্যে হানাহানিতে ডুবে রয়েছে। মুসলিম জাতিকে এই পরাজয় ও নিপীড়ন থেকে মুক্তি পেতে হলে ঐক্যবদ্ধ হতে হবে। সকল ফেরকা-মাজহাব ও আকিদাগত মতপার্থক্য দূরে ঠেলে রেখে অতি দ্রুতই ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি বলেন, ইসলাম এসেছে মানুষের মুক্তির জন্য, সমাজে শান্তি প্রতিষ্ঠার জন্য। এটি আল্লাহর দেয়া পরিপূর্ণ জীবন ব্যবস্থা। আজকে মুসলিমরা এই জীবন ব্যবস্থা বাদ দিয়ে মানুষের তৈরি ব্যবস্থা দিয়ে রাষ্ট্র পরিচালনা করছে। ফলে সর্বত্র অন্যায়, অশান্তি চরম আকার ধারণ করেছে। তিনি এই অশান্তি থেকে মুক্তি পেতে জাতীয় জীবনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।
গাজীপুর অঞ্চল হেযবুত তওহীদের সভাপতি মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক ও নারী বিভাগের প্রধান রুফায়দাহ পন্নী। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সামসুল হুদা, হেযবুত তওহীদ ছাত্র ফোরামের কেন্দ্রীয় সভাপতি মোখলেসুর রহমান সুমন, ঢাকা বিভাগ হেযবুত তওহীদের সভাপতি ডা. মাহবুব আলম মাহফুজ, গাজীপুর মহানগর হেযবুত তওহীদের সভাপতি আবু রায়হান, গাজীপুর মহানগরীর বাসন থানার হেযবুত তাওহীদের সভাপতি সাব্বির রহমান, হেযবুত তাওহীদের ছাত্র ফোরামের গাজীপুর জেলা শাখার সভাপতি আজমল বিন বাতেন প্রমুখ।
