ঢাকা
logo
প্রকাশিত : September 13, 2026

সাতকানিয়ায় বাস চাপায় স্কুলছাত্রী নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের বাসচাপায় ঈশা দাশ (১০) নামে এক স্কুলছাত্রী আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয়রা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে উপজেলার মিঠাদিঘী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ঈশা দাশ ছদাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দাশপাড়া এলাকার সুনিল কান্তি দাশের মেয়ে। সে ছদাহা কেয়াফাত উল্লাহ্ কবির আহমদ স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, ঢাকা মেট্রো-ব-১৫-৯৪৭০ নম্বরের স্টার লাইন পরিবহনের একটি বাস ঈশাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে কেরানিহাটের একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর শিক্ষার্থী ও স্থানীয়রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে প্রায় দুই ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

শিক্ষার্থীরা স্কুলের সামনে স্পিড ব্রেকার ও মহাসড়ক পারাপারের জন্য ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি জানান। স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব শাহজাহান চৌধুরী মুঠোফোনে এসব দাবি বাস্তবায়নের আশ্বাস দেন।

অবরোধস্থলে উপস্থিত ছিলেন সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম ছিদ্দীকি, দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ্ উদ্দিন চৌধুরী ও সাতকানিয়া থানার ওসি মোহাম্মদ জাহাঙ্গীর আলম।

দোহাজারী হাইওয়ে থানার ওসি সালাহ্ উদ্দিন চৌধুরী বলেন, বাসচাপায় স্কুলছাত্রী আহত হওয়ার ঘটনায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করেছিল। পরে দাবির বিষয়ে আশ্বাস দেওয়া হলে তারা সড়ক থেকে সরে যায়। দুর্ঘটনায় জড়িত বাস ও চালককে আটক করা হয়েছে।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram