

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: টানা ১০ দিন বৃদ্ধির পর চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে পানি কমতে শুরু করেছে। তবে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে জেলার অপর দুই নদী মহানন্দা ও পূনর্ভবাতে। পদ্মায় পানি কমতে শুরু করলেও এখনও পানিবন্দী হয়ে আছে জেলার দুটি উপজেলার প্রায় সাড়ে তিন হাজার পরিবার।
স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, রোববার সকাল ৯ টা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় পদ্মা নদীতে পানি স্তর কমেছে ৬ সেন্টিমিটার। পদ্মা নদীর পাঙ্খা পয়েন্টে রোববার সকাল ৯ টায় পানির সমতল রেকর্ড করা হয় ২১ দশমিক ৭৩ মিটার।
এদিকে গত ২ সেপ্টেম্বর থেকে পানি বৃদ্ধি শুরু হয় পদ্মা নদীতে। ১১ সেপ্টেম্বর থেকে টানা পানি বাড়ে এ নদীতে। বিপৎসীমার কাছাকাছি চলে আসে পানির স্তর। এতে জেলার সদর ও শিবগঞ্জ উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়। প্রায় সাড়ে ৩ হাজার পরিবার পানিবন্দী হয়ে পড়ে। পানি কমতে শুরু করায় নদী তীরবর্তী এলাকার মানুষের মাছে স্বস্তি ফিরেছে।
তবে গত ২৪ ঘণ্টায় জেলার মহানন্দা নদীতে ৩ সেন্টিমিটার ও পূনর্ভবা নদীতে ৬ সেন্টিমিটার পানি বেড়েছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী এসএম আহসন হাবীব বলেন, পদ্মা নদীতে দ্রুতই পানি কমে যাবে। পানিবন্দী এলাকাগুলো থেকেও পানি নেমে যাবে। মহানন্দা ও পূনর্ভবা নদীতে পানি বাড়লেও আগামী ২-৩ দিনের মধ্যে কমতে শুরু করবে।
এদিকে, জেলা প্রশাসক আবু ছালেহ মোঃ মুসা জঙ্গী জানান, ৪৪ মেট্রিক টন চাল এবং ৫ লাখ টাকা বন্যা উপদ্রুত এলাকায় বরাদ্দ দেয়া হয়েছে। আর বন্যা পরিস্থিতির উপর সার্বক্ষণিক নজর রাখা হয়েছে।
