

মতিয়ার রহমান মধু, সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার কালিগঞ্জে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ পালিত হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়াম হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
উপজেলা শিক্ষা কর্মকর্তা দিলীপ কুমার বিশ্বাসের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুস সেলিমের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাইনুল ইসলাম খান।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডা. শেখ শফিকুল ইসলাম বাবু, কালিগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সুশান্ত ঘোষ, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কালিগঞ্জ জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি এম. হাফিজুর রহমান শিমুল, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মানবিকা শীল, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুর রাকিব এবং উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রেদওয়ান ফেরদাউস রনি।
বক্তারা বলেন, একটি দেশের টেকসই উন্নয়ন ও অগ্রগতির অন্যতম প্রধান শর্ত হলো জনগণের মধ্যে শিক্ষার বিস্তার ও সাক্ষরতার হার বৃদ্ধি। নিরক্ষরতা দূরীকরণ, শিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে শিক্ষার মূলধারায় সম্পৃক্ত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিকভাবে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।
তারা আরও বলেন, সাক্ষরতা শুধু অক্ষরজ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং এটি মানুষের জীবনমান উন্নয়ন, সচেতনতা বৃদ্ধি এবং আত্মনির্ভরশীলতা অর্জনের অন্যতম হাতিয়ার। তাই নিরক্ষরতামুক্ত সমাজ গঠনে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা রাখতে হবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
