ঢাকা
logo
প্রকাশিত : September 4, 2026

কেরানীগঞ্জে মাদক-সন্ত্রাসের স্থান হবে না: আমানউল্লাহ আমান

কেরানীগঞ্জ প্রতিনিধি: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয় সংসদের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব আমানউল্লাহ আমান বলেছেন, মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে দেয়। কেরানীগঞ্জের কোথাও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি কিংবা দখলবাজির কোনো স্থান হবে না। কেরানীগঞ্জ হবে শান্তির নীড় ও শান্তির ঠিকানা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেরানীগঞ্জের সাতটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে ঘাটারচর থেকে বের হওয়া বর্ণাঢ্য শোভাযাত্রা শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমানউল্লাহ আমান বলেন, বিএনপি জনগণের কাছে জবাবদিহিতা ও জনসেবার রাজনীতিতে বিশ্বাসী। জনগণ যে আস্থা ও বিশ্বাস নিয়ে দলকে ভোট দিয়েছে, সেই আস্থা ধরে রাখা দলের নেতা-কর্মীদের দায়িত্ব। জনগণের প্রত্যাশা পূরণ করাই বিএনপির প্রধান লক্ষ্য। উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে বিএনপি সবসময় জনগণের পাশে রয়েছে।

তিনি বলেন, দীর্ঘ ১৭ বছর ধরে দেশের মানুষ তাদের মৌলিক ও গণতান্ত্রিক অধিকার, বিশেষ করে ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে। দিনের ভোট রাতে হয়েছে, ভোটকেন্দ্রে গিয়েও অনেক মানুষ নিজের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেননি। জনগণের ভোটের অধিকার ও মতপ্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত হয়েছে।

আমানউল্লাহ আমান বলেন, হাজার হাজার ছাত্র-জনতার আত্মত্যাগ ও রক্তের বিনিময়ে দেশের মানুষ তাদের হারানো ভোটাধিকার ফিরে পেয়েছে। যারা গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য রাজপথে জীবন দিয়েছেন, জাতি তাদের আত্মত্যাগ কখনো ভুলবে না। এই অর্জন কোনো ব্যক্তি বা দলের একক অর্জন নয়; এটি দেশের জনগণের অর্জন।

তিনি আরও বলেন, দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা, গণতন্ত্র সুসংহত করা এবং জনকল্যাণ নিশ্চিত করাই বিএনপির মূল লক্ষ্য। জনগণের প্রত্যাশা পূরণে দলের নেতা-কর্মীদের আরও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। মানুষের পাশে থেকে তাদের সমস্যা সমাধানে ভূমিকা রাখতে হবে এবং জনগণের আস্থা ও বিশ্বাসের মর্যাদা দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি। অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানা বিএনপির সভাপতি শামীম হাসান, সাধারণ সম্পাদক হাসমত উল্লাহ নবী, ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক অলিউল্লাহ সেলিম, কেরানীগঞ্জ মডেল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জহুরুল ইসলাম জুয়েলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

এর আগে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঘাটারচর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কেরানীগঞ্জের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশস্থলে গিয়ে শেষ হয়। এতে বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram