

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরমান উদ্দিন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
বুধবার (২৬ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ৬ নম্বর এওচিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পশ্চিম গাটিয়াডেঙ্গা এলাকার ওয়াহিদার পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আরমান উদ্দিন ওই এলাকার সিরাজুল ইসলামের ছেলে। তিনি এক কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আরমান উদ্দিন পেশায় একজন বৈদ্যুতিক মেকানিক ছিলেন। বুধবার দুপুরে বাড়ির পাশে একটি বাড়িতে বৈদ্যুতিক কাজ করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।
এ বিষয়ে সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, “এওচিয়ায় আরমান নামে এক ব্যক্তি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যাওয়ার খবর পেয়েছি।”
