

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: ‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (১৬ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা ও বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। এর আগে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির পোনা মাছ অবমুক্ত করে জাতীয় মৎস্য পক্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনের সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু।
পোনা মাছ অবমুক্তকরণের পর উপজেলা পরিষদের প্রধান সড়ক থেকে ব্যানার-ফেস্টুন নিয়ে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের নতুন ভবনের সামনে গিয়ে শেষ হয়। এতে উপজেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারী, মৎস্য চাষি, জেলে, মৎস্যজীবী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আলী সুজার সভাপতিত্বে আলোচনা সভায় মৎস্য সম্পদের সুষ্ঠু ব্যবহার, আধুনিক প্রযুক্তিতে মাছ চাষ, জলাশয় সংরক্ষণ, মাছের উৎপাদন বৃদ্ধি এবং মৎস্য চাষি ও জেলেদের আর্থ-সামাজিক উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা প্রসেন মজুমদার বলেন, আধুনিক প্রযুক্তি ও টেকসই চাষ পদ্ধতির প্রসারের মাধ্যমে মৎস্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি চাষি ও মৎস্যজীবীদের দক্ষতা বৃদ্ধিতে জাতীয় মৎস্য পক্ষের কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। উজিরপুরে মৎস্য উৎপাদন বৃদ্ধির ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে মৎস্য চাষিদের আধুনিক পদ্ধতিতে মাছ চাষে উৎসাহিত করার পাশাপাশি খাল-বিল, পুকুরসহ জলাশয় সংরক্ষণে সবাইকে সচেতন হতে হবে। মৎস্য চাষি ও জেলেদের প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করা গেলে এ খাত স্থানীয় অর্থনীতিতে আরও বড় ভূমিকা রাখতে পারবে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ কপিল বিশ্বাস, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোশারফ হোসেন, উজিরপুর ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার আব্দুর রশিদ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ূন খান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, সাংগঠনিক সম্পাদক শাহিন সিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক রোকনুজ্জামান টুলু, পৌর যুবদলের আহ্বায়ক মোঃ শাহাবুদ্দিন আকন সাবু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ মাহাবুব গোমস্তা, শ্রমিক দলের সভাপতি সাহাদুৎ জামান কমরেড, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ জুম্মান সিকদার মোতালেব ও পৌর শ্রমিক দলের সভাপতি শহিদুল ইসলামসহ উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এ ছাড়া উপজেলার বিভিন্ন এলাকার মৎস্য চাষি, জেলে, জেলে সম্প্রদায়ের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন। জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে উজিরপুরে বিভিন্ন সচেতনতামূলক ও জনসম্পৃক্ত কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে। এসব কর্মসূচির মাধ্যমে আধুনিক ও টেকসই পদ্ধতিতে মাছ চাষে উৎসাহ প্রদান, মৎস্য উৎপাদন বৃদ্ধি, জলাশয়ের সঠিক ব্যবহার ও সংরক্ষণ এবং মৎস্য চাষি ও জেলেদের জীবনমান উন্নয়নে সচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হবে।
