

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: দীর্ঘদিন বৃষ্টিতে ভিজে থাকায় ক্ষতিগ্রস্ত সকল সড়ক মেরামত করে যান চলাচলের উপযোগী রেখেছে গোপালগঞ্জ সড়ক বিভাগ। সম্প্রতি চলমান প্রতিনিয়ত বৃষ্টিতে ভিজে রয়েছে পুরো গোপালগঞ্জ জেলা। কিন্তু যান চলাচলতো আর থেমে নেই। এ কারণে এই জেলার জাতীয় মহাসড়ক, আঞ্চলিক মহাসড়ক, জেলা সড়ক ক্ষতিগ্রস্থ হয়। যানবাহন চলাচলে ব্যাপক সমস্যার সম্মুখীন হন চালকরা।
বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখে গোপালগঞ্জ সড়ক বিভাগের প্রকৌশলীগণ সরেজমিন পরিদর্শন করে এই দুর্যোগপূর্ণ আবহাওয়ার মাঝেই সংস্কারের জন্য মাঠে নামেন। তারা ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোপালগঞ্জ অংশ, টেকেরহাট-গোপালগঞ্জ-ঘোনাপাড়া আঞ্চলিক মহাসড়ক, গোপালগঞ্জ-পিরোজপুর সড়কের গোপালগঞ্জ অংশ, বরিশাল-পয়সারহাট-গোপালগঞ্জ জেলা সড়কের গোপালগঞ্জ অংশ মেরামত করতে একাধিক টিম মাঠে নামান। ইতোমধ্যে সকল সড়কের ক্ষতিগ্রস্থ অংশ এবং ক্ষতিগ্রস্থ কংশুরের জোড়া বেইলিব্রিজ মেরামত সম্পন্ন করেছেন। এসব সড়কে সকল প্রকার যানবাহন চলাচলের ভোগান্তির অবসান ঘটেছে।
এসব সড়কে চলাচলকারী যানবাহন চালক ও স্থানীয়রা জানায়, গোপালগঞ্জ সড়ক বিভাগের প্রকৌশলীগণ বছরের সকল সময়ে সড়কসমূহে প্রতিনিয়ত মনিটরিং জোরদার করবে, যানবাহন চলাচলে কোন ঝুকি থাকবে না বা সড়কে নির্বিঘ্নে যান চলাচলে কোন প্রতিবন্ধকতা থাকবে না এসব বিষয় নিশ্চিত করবে এমনটাই প্রত্যাশা সকলের।
গোপালগঞ্জ সড়ক বিভাগের উপ-সহকারী প্রকৌশলী সুমন কর্মকার বলেন, বৃষ্টিতে একটানা চারদিন রাস্তা ভিজে থাকলে কার্পেটিংয়ের জয়েন্ট দুর্বল হয়ে ছোট ছোট গর্ত তৈরি হয়। এটাকে আমরা পটল বলে থাকি। এই পটল সমূহ বারী গাড়ীর চাকার বাড়িতে আকারে বড় হতে থাকে। আমাদের জেলার সকল সড়ক, মহাসড়ক ও জাতীয় মহাসড়কে আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী গাড়ী, মালামাল ও শ্রমিক নামিয়ে মেরামত করেছি। এখন আমাদের জেলায় আর বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাস্তা নেই। তবে আমরা প্রস্তুত রয়েছি যেকোন সময়ে রাস্তায় কোন অংশ নতুন করে ক্ষতিগ্রস্ত হলে তা তাৎক্ষনিক মেরামত করে দিবো যাতে যান চলাচলে কোন সমস্যা না হয়।
