ঢাকা
logo
প্রকাশিত : July 20, 2026

ছাগলনাইয়া পৌর শহরে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি: ফেনীর ছাগলনাইয়া পৌর শহরে সোমবার (২০ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত ফুটপাত থেকে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন ছাগলনাইয়া উপজেলা ও পৌর প্রশাসন।

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওমর ফারুক। এসময় ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু তাহের, সওজ এর উপ-তত্ত্বাবধায়ক প্রকৌশলী মাহতাব উদ্দিন রুমি, পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ তাজেল হোসেন হাওলাদারসহ পৌর প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

অভিযানে এস্কেভেটর ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ফুটপাত ও সরকারি জায়গা দখল করে নির্মিত বিভিন্ন অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়া হয়। উচ্ছেদ করা স্থাপনাগুলোর মধ্যে ছিল ফলের দোকান, কনফেকশনারি, কাঁচাবাজারের অস্থায়ী দোকান, চায়ের দোকান, টিনশেড ও আধাপাকা ঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি ভূমিদস্যু চক্র ছাগলনাইয়া পৌর শহরে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কের দুই পাশে সরকারি জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করে এককালীন, দৈনিক ও মাসিকহারে চাঁদাবাজি করে আসছে। উচ্ছেদের লক্ষ্যে বহুবার মৌখিক নির্দেশ ও লিখিত নোটিশ করলেও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান আলোর মুখ দেখেনি। রাস্তার দুই পাশের ফুটপাত পুরোপুরি অবৈধ দখলদারদের কবলে চলে যাওয়ায় পথচারী মানুষদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

পৌর কর্তৃপক্ষ জানায়, অভিযানে সহস্রাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ওমর ফারুক জানান, সরকারি জায়গা অবৈধ দখলমুক্ত রাখতে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান অব্যাহত থাকবে।

logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram