

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) এলাকায় বাক ও শারীরিক প্রতিবন্ধী দম্পতির ৮ বছর বয়সী কন্যাশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে মো. নুরুল হক নুরু (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে শার্শা থানা পুলিশ।
পুলিশ জানায়, ভুক্তভোগী শিশুটির চাচি মোছা. রুপা খাতুন শার্শা থানায় দায়ের করা অভিযোগে উল্লেখ করেন, তার ভাসুর মো. জামের আলী ও তার স্ত্রী মোছা. রাবেয়া খাতুন উভয়েই বাক ও শারীরিক প্রতিবন্ধী। গত ১৬ জুলাই সন্ধ্যা আনুমানিক ৭টা ৫ মিনিটে কৃষ্ণপুর (দক্ষিণপাড়া) এলাকায় অভিযুক্ত নুরুল হক নুরু তাদের ৮ বছর বয়সী কন্যাশিশুকে নিজের টিনশেড ঘরে নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণের চেষ্টা করে। পরে শিশুটি স্বজনদের কাছে বিষয়টি জানালে তারা থানায় অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে শার্শা থানায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি নিয়মিত মামলা রুজু করা হয়।
মামলা দায়েরের পর যশোর জেলার পুলিশ সুপারের নির্দেশনায় শার্শা থানার তদন্তকারী অফিসার এসআই (নিঃ) মো. আনিসুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় শুক্রবার (১৭ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে শার্শা উপজেলার ডিহি ইউনিয়নের শাড়াতলা বাজারের পূর্ব পাশ থেকে মামলার একমাত্র আসামি নুরুল হক নুরুকে গ্রেফতার করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।
