

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার চর গঙ্গামতি সৈকত থেকে সমুদ্রে নিখোঁজ হওয়া জেলে রুবেল হাওলাদারের (৪৭) অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ। বুধবার দুপুর ২টার দিকে সৈকতের চর গঙ্গামতি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রুবেল হাওলাদার রাঙ্গাবালি উপজেলার ১২নং ডিগ্রি এলাকার আবুল কালাম হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন জেলে।
নৌ পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, টানা এক সপ্তাহের বৈরী আবহাওয়ায় সাগরে একাধিক ট্রলার ডুবির ঘটনা ঘটে। এতে অনেক জেলে নিখোঁজ ছিলেন। স্থানীয়রা সৈকতে মরদেহ দেখতে পেয়ে নৌ পুলিশকে খবর দেন। পরে নিহতের ভাই সোহেল মরদেহ শনাক্ত করেন। মরদেহটির পরনে ছিল নীল প্যান্ট ও লাল গেঞ্জি।
সোহেল জানান, গত ১৩ জুলাই গভীর সমুদ্রে মাছ ধরতে যাওয়ার পথে বজ্রপাতের আঘাতে তাদের ট্রলার ক্ষতিগ্রস্ত হয়। বজ্রপাতে দুই জেলে গুরুতর আহত হন এবং তার ভাই রুবেল সমুদ্রে পড়ে যান। এরপর থেকে তিনি ভাইয়ের মরদেহের অপেক্ষায় সৈকতে দিনরাত কাটিয়েছেন।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মনিরুজ্জামান বলেন, চর গঙ্গামতি এলাকা থেকে জেলে রুবেল হাওলাদারের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। তার পরিবার মরদেহ শনাক্ত করেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
