

শার্শা (যশোর) প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলায় অভিযান চালিয়ে ৩০ বোতল ভারতীয় এস্কাফ সিরাপসহ আশা (৪২) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১৫ জুলাই) সকালে উপজেলার শ্যামলাগাছি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটক আশা নাভারণ দক্ষিণ বুরুজবাগান গ্রামের আবুল কাশেম ছেলে।
পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে শার্শা থানা পুলিশের এসআই (নিরস্ত্র) চিরঞ্জিৎ মন্ডল, এএসআই (নিরস্ত্র) মোঃ আতাউর রহমান নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে একটি চৌকশ টিম শ্যামলাগাছি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত ওই অভিযানে সাকিনস্থ বেস্ট এগ্রা ফুড অটো রাইচ মিলে সামনে পাকা রাস্তার উপর থেকে ৩০ বোতল অবৈধ ভারতীয় এস্কাফ সিরাপ উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়।
শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক জানান, আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আসামিকে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে পুলিশের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
