

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বেসরকারি উন্নয়ন সংস্থা নিউ এরা ফাউন্ডেশন পাবনার ঈশ্বরদীতে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, ছানি অপারেশন ও চিকিৎসাসেবা দিয়েছে। বুধবার সকালে উপজেলার টুলটি এলাকায় ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ে দিনব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান সরকার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের পরিচালনা কমিটির সভাপতি ফৌজিয়া মঞ্জুর। পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)-এর ব্যবস্থাপনায় এবং অরবিস ইন্টারন্যাশনালের অর্থায়নে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়।
স্বাগত বক্তব্য দেন নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম। এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক মোস্তাক আহমেদ কিরণ, জ্যেষ্ঠ সাংবাদিক খোন্দকার মাহবুবুল হক দুদু এবং আব্দুল মতিন চক্ষু হাসপাতালের সহকারী ব্যবস্থাপক টি. এম. মাহমুদুল হাসান।
আয়োজকেরা জানান, দিনব্যাপী আয়োজিত এই স্বাস্থ্যসেবা কার্যক্রমে ৬০ জন ছানি রোগীর অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়েছে। তাঁদের সিরাজগঞ্জের আব্দুল মতিন চক্ষু হাসপাতালে বিনামূল্যে ছানি অপারেশন করা হবে। এ ছাড়া দুই শতাধিক মানুষের চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় চিকিৎসা–পরামর্শ দেওয়া হয়। প্রয়োজন অনুযায়ী অনেকের মধ্যে বিনামূল্যে চশমাও বিতরণ করা হয়েছে।
নিউ এরা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে প্রতিষ্ঠানটি নিয়মিত এ ধরনের মানবিক উদ্যোগ পরিচালনা করছে। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
