

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গুজব, বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাটে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিনের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ রানার সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল আল মামুন কাওসার শেখ, ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ভর্ণাপাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান বকুল, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহফুজার রহমান লাবলু, ঘোড়াঘাট প্রেস ক্লাবের সদস্য সচিব সুলতান কবির, সাংবাদিক শাহআলম সরকার প্রমুখ।
সভায় বক্তারা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যাপক ব্যবহার যেমন তথ্যপ্রাপ্তিকে সহজ করেছে, তেমনি গুজব, ভুয়া তথ্য ও অপপ্রচার সমাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এসব অপতৎপরতা রোধে তথ্য যাচাই করে প্রচার, ডিজিটাল সচেতনতা বৃদ্ধি এবং আইন সম্পর্কে জনগণকে অবহিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমানা তানজিন বলেন, সামাজিক সম্প্রীতি ও জননিরাপত্তা বজায় রাখতে প্রত্যেক নাগরিককে দায়িত্বশীল আচরণ করতে হবে। যাচাই-বাছাই ছাড়া কোনো তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার বা শেয়ার না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গুজব প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
আলোচনা সভায় অংশগ্রহণকারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা এবং বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে সচেতনতা তৈরিতে একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
এ সময় ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এসএম মনিরুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ প্রিয়াংক কুন্ডু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আফজাল হোসেন, উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সুধী সমাজের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
