

গাজী মমিন, ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি: বই পড়ার সংস্কৃতিকে এগিয়ে নিতে ‘বই পড়ি, জ্ঞান গড়ি, আলোকিত মানুষ হয়’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রাথমিক বিদ্যালয়ে পাঠাগার স্থাপনের অংশ হিসেবে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ‘জ্ঞানকুঞ্জ পাঠাগার’র উদ্বোধন করা হয়েছে। ব্যতিক্রমী এই উদ্যোগের মাধ্যমে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বই পড়ার সংস্কৃতিকে ও বৃক্ষ রোপণ কর্মসূচিকে নতুন করে উৎসাহিত করার চেষ্টা করেছেন।
সোমবার (১৩ জুলাই, ২০২৬) দুপুরে ওই বিদ্যালয়ের শিশু শিক্ষার্থীদের নিয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পাঠাগারটির উদ্বোধন শেষে বিদ্যালয়ের মাঠে গাছের চারা রোপণ করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
এসময় তিনি বলেন, বর্তমানে শিশুরা মায়ের কোলে থেকেই মোবাইলের প্রতি আসক্তি হয়ে পড়ছে। শিশুদের মোবাইল আসক্তি কমাতে ও বই পড়ার প্রতি আগ্রহি করে গড়ে তুলতে এই লাইব্রেরি কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিশ্বকে জানার জন্য লাইব্রেরিতে যাওয়া প্রয়োজন। আমাদের বর্তমান প্রজন্ম লাইব্রেরি বিমুখ। শিশু শিক্ষার্থীদের লাইব্রেরি মুখী করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে লাইব্রেরি কর্ণার স্থাপন একটি ভালো উদ্যোগ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেটু কুমার বড়ুয়া, সহকারি কমিশনার (ভূমি) এ.আর.এম জাহিদ হাসান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আবু হেনা মোস্তফা কামাল, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিরিন সুলতানা, গোবিন্দপুর উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম শেখ, চির্কা চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক জসিম উদ্দিনসহ বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির নেতৃবৃন্দ।
