

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: টানা ভারী বর্ষণ, বন্যা ও পাহাড়ধসের ঝুঁকির মধ্যেও ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে জুরুরি ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন খাগড়াছড়ি জেলার রামগড় উপজেলা প্রশাসন।
গত বুধবার থেকে চলমান ভারী বর্ষণের ফলে সোমবার (১৩ জুলাই) পর্যন্ত উপজেলার একটি পৌরসভা এবং দুটি ইউনিয়নের বিভিন্ন দুর্গত এলাকা সরেজমিনে পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের খোঁজখবর নেওয়ার পাশাপাশি জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনা করা হয়।
উপজেলা প্রশাসনের উদ্যোগে পাহাড়ধস ও পাহাড়ি ঢলের ঝুঁকিতে থাকা এবং পানিবন্দী মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে এই সকল জরুরি ত্রাণসামগ্রী। বন্যায় ও পাহাড়ধসে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িতে গিয়ে তাদের সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীমসহ উপজেলা প্রশাসন এবং পৌরসভার কর্মকর্তারা।
তারই ধারাবাহিকতায় (১৩ জুলাই) রবিবার দুপুরে ২নং পাতাছড়া ইউনিয়নে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবাররের মধ্যে জরুরি ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এসময় প্রতিটি পরিবারকে ২০ কেজি করে ১৫০ টি পরিবারের মধ্যে ৩ মে. টন চাল বিতরণ করা হয়। তাছাড়া ১৪ টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেট প্রদান করা হয়। শুকনো খাবারের প্যাকেটের মধ্যে রয়েছে ১০ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি আয়োডিন যুক্ত লবণ, ১ কেজি চিনি, আধা কেজি মুড়ি, ১ লিটার সয়াবিন তেল, ৬ টি মোমবাতি, ২ টি দেয়াশলাই, বড় সাইজের ২ প্যাকেট বিস্কিট, ২ প্যাকেট খাবার স্যালাইন ও ব্যবহার নিয়মাবলিসহ ১০ টি পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এ পর্যন্ত ১২৭ টি পরিবারকে শুকনো খাবারের প্যাকেট ও ১৫৪ টি পরিবারকে ২০ কেজি করে চাল সহ মোট ২৮১ টি পরিবারকে ত্রাণ সহাতা প্রদান করা হয়েছে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার কাজী শামীম বলেন, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। এবং দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
