ঢাকা
১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
রাত ৯:৪২
logo
প্রকাশিত : জুলাই ১৩, ২০২৬

জলাবদ্ধতায় আটকে এইচএসসি পরীক্ষার্থীরা, নৌকায় কেন্দ্রে পৌঁছে দিল কুমিল্লা সিটি করপোরেশন

শাহাজাদা এমরান, কুমিল্লা: টানা ভারী বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি সমস্যায় পড়েন এইচএসসি পরীক্ষার্থীরা। হাঁটুসমান পানি পেরিয়ে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার পরিস্থিতি তৈরি হলে তাদের পাশে দাঁড়িয়েছে কুমিল্লা সিটি করপোরেশন।

সোমবার (১৩ জুলাই) সকালে জলাবদ্ধতার কারণে পরীক্ষার্থীদের চলাচলে বিঘ্ন সৃষ্টি হলে কুমিল্লা সিটি করপোরেশনের উদ্যোগে নৌকার ব্যবস্থা করা হয়। পরে নৌকায় করে পানিবন্দি পরীক্ষার্থীদের নিরাপদে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়। এ সময় সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু নিজে উপস্থিত থেকে পুরো কার্যক্রম তদারকি করেন।

সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরাও পরীক্ষার্থীদের সহযোগিতায় এগিয়ে আসেন। তারা পানির মধ্যে দাঁড়িয়ে শিক্ষার্থীদের নৌকায় উঠতে সহায়তা করেন এবং নির্বিঘ্নে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানোর ব্যবস্থা করেন।

পরীক্ষার্থীরা জানান, ভারী বৃষ্টির কারণে রাস্তাঘাট পানিতে ডুবে যাওয়ায় সময়মতো কেন্দ্রে পৌঁছানো নিয়ে তারা দুশ্চিন্তায় ছিলেন। সিটি করপোরেশনের এই উদ্যোগের কারণে তারা স্বস্তিতে পরীক্ষা দিতে পেরেছেন।

এদিকে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু বলেন, প্রাকৃতিক দুর্যোগ ও অতিবৃষ্টি পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তবে দুর্যোগের সময়ে নাগরিকদের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব।

তিনি বলেন, জলাবদ্ধতা কুমিল্লা নগরীর দীর্ঘদিনের একটি সমস্যা। এ সমস্যা স্থায়ীভাবে সমাধানে খাল দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নে কার্যক্রম আরও জোরদার করা হবে।

তিনি আরও বলেন, নগরবাসী যেন ভবিষ্যতে এমন দুর্ভোগে না পড়েন, সে লক্ষ্যে পরিকল্পিতভাবে কাজ করা হচ্ছে। পানি প্রবাহ স্বাভাবিক রাখা এবং নগরীর ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

উল্লেখ্য, কয়েক ঘণ্টার টানা ভারী বৃষ্টিতে কুমিল্লা সিটি করপোরেশনের বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। এতে যান চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটে। তবে পরীক্ষার্থীদের কথা বিবেচনা করে সিটি করপোরেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন নগরবাসী।

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram