

মোহাম্মদ শাহেদ হোসেন রানা, রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি: পার্বত্য খাগড়াছড়ি জেলার রামগড়ে গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ ও নিম্নচাপের প্রভাবে ফেনী নদীর পানি বৃদ্ধি এবং এর ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্থ মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রবিবার (১২ জুলাই) রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহসান উল ইসলাম, বিজিওএম, পিএসসি, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী বিতরণ করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খোঁজখবর নেন এবং সুবিধা-অসুবিধার বিষয়ে অবগত হন। তিনি তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রয়োজনীয় সকল ধরণের সহায়তা প্রদানের বিষয়ে আশ্বস্ত করেন।
রবিবার দুপুরে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবির) আওতাধীন রামগড় হাইস্কুল সংলগ্ন আবাসিক এলাকা, ১নং পৌর ওর্য়াড় বল্টুরাম টিলা, ৩নং পৌর ওর্য়াড় গর্জনতলী, ৫নং পৌর ওর্য়াড় বৈদ্য টিলায় এলাকায় অতিবৃষ্টির ফলে যখন অসংখ্য পরিবার বিপর্যস্ত, তখন মানবিক দায়িত্বকে অগ্রাধিকার দিয়ে দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। এসময় ত্রাণ সামগ্রী বিতরণে প্রয়োজনীয় সহায়তার মাধ্যমে দুর্গত মানুষের কষ্ট লাঘবে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে বিজিবির সদস্যরা। সংকটময় এই মুহূর্তে বিজিবি সদস্যদের মানবিক উপস্থিতি অসহায় মানুষের জন্য হয়ে উঠেছে সাহস ও আশার প্রতীক।
বন্যায় ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিজিবির পক্ষ থেকে প্রয়োজনীয় খাদ্য সামগ্রী হিসেবে চাল ৫ কেজি, তেল ১ লিটার, ডাল ১ কেজি, লবণ ১ কেজি, মোমবাতি ১ প্যাকেট, চিড়া ১ কেজি, পেঁয়াজ ১ কেজি, আলু ১ কেজি, ম্যাচ ২টি বিতরণ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, ত্রাণ বিতরণের পাশাপাশি রামগড় ব্যাটালিয়ন কর্তৃক বন্যাকবলিত এলাকায় পানিবন্দি মানুষের নিয়মিত খোঁজ-খবর রাখা, বন্যা পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ সহ আশ্রয়কেন্দ্রে যাতায়াতে প্রয়োজনীয় সহায়তা প্রদান এবং যে কোনো দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
এ সময় রামগড় ব্যাটালিয়নের কর্মকর্তা, বিজিবির সদস্য ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
