

কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ‘তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে কাঠালিয়ায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন, কাঠালিয়া সহকারী কমিশনার (ভূমি) সুমি রানী বল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদার।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিল্পী হালদারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মোঃ আখতার হোসেন নিজাম মীরবহর, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মাসউদুল আলম, সাধারণ সম্পাদক শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
সভায় বক্তারা জনসংখ্যা নিয়ন্ত্রণ, পরিবার পরিকল্পনা সেবা সম্প্রসারণ এবং তারুণ্যের অংশগ্রহণের মাধ্যমে টেকসই উন্নয়ন নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
