

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “বাবা হলেন সেই বটবৃক্ষ, যিনি রোদে পুড়ে সন্তানদের ছায়া দেন”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালন করা হয়েছে বিশ্ব বাবা দিবস। এই উপলক্ষে শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে সফল বাবাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) সকালে কমলগঞ্জের হীড বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানটি ছিল অনন্য ও ব্যতিক্রমী। সচরাচর সমাজ ব্যবস্থায় বাবাদের নিয়ে বড় পরিসরে এমন আয়োজন খুব একটা দেখা যায় না। একজন গৃহিনী হয়েও শাহিদা পারভীন এমন একটি মহতী উদ্যোগ গ্রহণ করায় উপস্থিত সুধীজন ভূয়সী প্রশংসা করেন।
বিশ্ব বাবা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোক্তা আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিন। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র এডভোকেট শান্তি পদ ঘোষ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এম এ মুনীম চৌধুরী এবং কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা দপ্তরের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ডা. কাইয়ূম উদ্দিন। শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের চেয়ারম্যান শাহিদা পারভীন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।
এছাড়াও আয়োজনে আলোচনা করেন সহকারী অধ্যাপক আব্দুল মুমিত ও অ্যাডভোকেট আব্দুল আহাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। বক্তারা বর্তমান সমাজে বাবার অপরিসীম গুরুত্ব, ত্যাগ এবং সন্তানদের প্রতি তাদের দায়িত্ববোধ নিয়ে বিস্তারিত আলোকপাত করেন।
অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল সফল বাবাদের সম্মাননা প্রদান। আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আয়োজকরা সংবর্ধিত বাবাদের হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার কাওসার শোকরানা পান্নাসহ উদযাপন কমিটির দায়িত্বশীলরা।
আয়োজকদের এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয় সমাজ সচেতন ব্যক্তিরা বলেন, বাবারা পরিবারের স্তম্ভ। তাদের সঠিক সম্মান ও স্বীকৃতি প্রদানের এমন আয়োজন প্রজন্ম থেকে প্রজন্মে সুস্থ পারিবারিক মূল্যবোধ চর্চায় প্রেরণা যোগাবে। অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিপুল সংখ্যক অভিভাবক, শিক্ষক, সাংবাদিক উপস্থিত ছিলেন।
