

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুর জেলার শিবচরের একটি ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন বিউটি শাখাওয়াত হোসেন।
শুক্রবার (১০ জুলাই) তার নিজ বাড়ি উপজেলার পাঁচ্চর ইউনিয়নের বড় বাহাদুরপুরে সংবাদ সম্মেলনে তিনি প্রার্থীতার ঘোষণা দেন।
এসময় তিনি বলেন, 'আমি ইতোমধ্যে আমার ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরেছি। আসলে আমাদের সমাজ পিছিয়ে আছে নানা দিক দিয়ে। এরমধ্যে নারীরা বেশ পিছিয়ে। প্রান্তিক পর্যায়ে নারীর উন্নয়নকে প্রাধান্য দিয়ে কাজ করতে চাই। এই ইউনিয়নে শিক্ষায় যেন নারীরা পিছিয়ে না থাকে। নারী শিক্ষা, নারীর কর্মক্ষেত্র তৈরিতে বেশ কিছু পদক্ষেপ নেবার পরিকল্পনা রয়েছে।'
এসময় তিনি আরও বলেন, 'মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষায় কাজ করতে হবে। আমরা ইতোমধ্যে মাদক থেকে যুব সমাজকে রক্ষা করতে নানা রকম জনসচেতনতামূলক কার্যক্রম করে আসছি। জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত হলে অন্যান্য কাজের সাথে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবো।'
পাঁচ্চর ইউনিয়নের চেয়ারম্যানপ্রার্থী বিউটি শাখাওয়াত বলেন, 'আমার ইউনিয়নের প্রান্তিক এলাকায় রাস্তাঘাটের উন্নয়ন করবো। অনেক এলাকায় বাড়িতে প্রবেশ করতেও দেখা যায় রাস্তাঘাট নেই। রাস্তাঘাট তৈরি ও উন্নয়নকেও প্রাধান্য দিয়ে কাজ করবো ইনশাআল্লাহ।'
এসময় উপস্থিত ছিলেন, কৃষক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মোল্লা, পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য ও জিয়া পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান মিয়া, মো. শিবচর উপজেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক রাশেদুল ইসলাম, পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুন অর রশিদসহ অন্যরা।
উল্লেখ্য, বিউটি শাখাওয়াত উপজেলার পাঁচ্চর ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য এবং কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন মোল্লার সহধর্মিনী।
