

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ: গোপালগঞ্জে শোভাযাত্রা, আলোচনা সভা, গাছের চারা ও পুরস্কার বিতরণসহ নানা আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উদযাপিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর এ কর্মসূচির আয়োজন করে।
"জলবায়ু পরিবর্তন: আজকের পদক্ষেপ, আগামীর নিরাপত্তা" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামানের নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যালয়ের সুশাসন চত্বরে বেশ কয়েকটি গাছের চারা রোপন করেন অনুষ্ঠোনের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবর্গ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শোভন সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রশাসক শরীফ রাফিকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী মোহাম্মদ হুমায়ুন রশীদ এবং পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মাহফুজুর রহমান, সম্প্রীতি এইড ফাউন্ডেশনের কো-অর্ডিনেটর মাসুম বিল্লাহ সোহাগ।
জেলা প্রশাসক মোঃ আরিফ-উজ-জামান বলেন, দেশের পরিবেশ রক্ষায় আমাদের সবাইকে আরও দায়িত্বশীল ও সচেতন হতে হবে। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালন করতে হবে। বেশি বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকজাতীয় পণ্যের ব্যবহার পরিহার এবং যত্রতত্র ময়লা-আবর্জনা না ফেলার আহ্বান জানান তিনি। পাশাপাশি পরিবেশবান্ধব জীবনযাপন গড়ে তোলার মাধ্যমে একটি পরিচ্ছন্ন ও সবুজ বাংলাদেশ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহবান জানান এই কর্মকর্তা।
এ কর্মসূচিতে জেলার সম্প্রীতি এইড ফাউন্ডেশন, ব্র্যাক এনজিও, ওয়াইডাব্লিউসিএ, এইচএস এন্টারপ্রাইজ ও এমসি ট্রেড সেন্টার, বাংলাদেশ বন্ধু ফাউন্ডেশনসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, জেলা সদরের শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
