

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের বাসাইল উপজেলার ফুলকি ইউনিয়নের নিরাইল এলাকায় ভেঙে যাওয়া ব্রিজটি পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন। স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ ও জনদুর্ভোগের বিষয়টি সরেজমিনে পর্যবেক্ষণ করে তিনি সেখানে দ্রুত যাতায়াতের সুবিধার্থে একটি অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণের আশ্বাস প্রদান করেছেন।
বুধবার (৮ জুলাই) দুপুরে উপজেলার ফুলকি ইউনিয়নের নিরাইল এলাকায় ব্রিজটির বর্তমান অবস্থা পরিদর্শন করতে যান ইউএনও। এ সময় তিনি স্থানীয় জনপ্রতিনিধি এবং এলাকাবাসীর সাথে কথা বলেন।
দীর্ঘদিন ধরে ব্রিজটি ভেঙে পড়ে থাকায় নিরাইলসহ আশপাশের কয়েক গ্রামের মানুষকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছিল। স্কুল-কলেজগামী শিক্ষার্থী, কৃষক এবং সাধারণ মানুষের যাতায়াতের প্রধান পথটি বন্ধ থাকায় তারা বিকল্প পথে যাতায়াত করতে গিয়ে সময়ের অপচয় ও ঝুঁকির সম্মুখীন হচ্ছিলেন।
পরিদর্শনকালে ইউএনও মো: ইকবাল হোসেন বলেন, "নিরাইল এলাকার মানুষের যাতায়াতের সমস্যার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্রিজটি ভেঙে যাওয়ায় যে জনদুর্ভোগ সৃষ্টি হয়েছে, তা সমাধানের লক্ষ্যে আমরা দ্রুত সময়ের মধ্যে একটি অস্থায়ী কাঠের ব্রিজ নির্মাণের উদ্যোগ নিচ্ছি। আশা করছি, খুব অল্প সময়ের মধ্যেই স্থানীয়রা কাঠের ব্রিজটি ব্যবহারের মাধ্যমে তাদের যাতায়াত ব্যবস্থা স্বাভাবিক করতে পারবেন।"
এ সময় ফুলকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম (বিজু), উপজেলা এলজিইডি'র উপ-সহকারী প্রকৌশলী মোঃ মাসুদ রানা, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
