ঢাকা
logo
প্রকাশিত : July 8, 2026

বৃষ্টি ও পাহাড়ি ঢলে সাতকানিয়ায় জনদুর্ভোগ চরমে, লোকালয়ে ঢুকছে সাঙ্গু-ডলুর পানি

রমজান আলী, সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: টানা চার দিনের ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার বিস্তীর্ণ এলাকা পানিতে তলিয়ে গিয়ে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। উপজেলার বিভিন্ন নিম্নাঞ্চল, নদীতীরবর্তী এলাকা ও জনপদে বন্যার পানি প্রবেশ করায় অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। ঘরে ঢুকে পড়েছে পানি, বন্ধ হয়ে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। রান্নাবান্না, শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য ও যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।

বুধবার (৮ জুলাই) সরেজমিনে উপজেলার পৌরসভা, সোনাকানিয়া, চরতি, কাঞ্চনা, এওচিয়া, বাজালিয়া, ছদাহা, ঢেমশা, কেওঁচিয়া, নলুয়া ও আমিলাইশ ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ নিম্নাঞ্চল পানিতে তলিয়ে গেছে। বসতঘর, উঠান ও স্থানীয় সড়কে পানি জমে থাকায় মানুষ চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন। অনেক এলাকায় হাট-বাজারে হাঁটু থেকে কোমরসমান পানি জমে যাওয়ায় ব্যবসা-বাণিজ্যও স্থবির হয়ে পড়েছে।
এদিকে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সাঙ্গু ও ডলু নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিভিন্ন স্থান দিয়ে লোকালয়ে প্রবেশ করছে। বিশেষ করে বাজালিয়া, এওচিয়া, চরতি, ছদাহা ও নদীতীরবর্তী এলাকার নতুন নতুন জনপদ প্লাবিত হচ্ছে। নদীর পানি অব্যাহতভাবে বাড়তে থাকায় স্থানীয়দের মধ্যে বন্যা নিয়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

অবিরাম বৃষ্টিতে দানুরমার ঘাটের গুরুত্বপূর্ণ সাঁকো পানির তীব্র স্রোতে ভেঙে যাওয়ায় কয়েকটি গ্রামের মানুষের চলাচল ব্যাহত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে বিকল্প পথে যাতায়াত করছেন স্থানীয়রা। পূর্ব ছদাহা এলাকায় ছদাহা-মাহালিয়া সড়কের ওপর দিয়ে বন্যার পানি প্রবাহিত হওয়ায় যান চলাচলও বিঘ্নিত হচ্ছে। এছাড়া বিভিন্ন ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক পানির নিচে তলিয়ে যাওয়ায় অনেক এলাকা কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানে পানি প্রবেশ করেছে। শিক্ষার্থীদের উপস্থিতি কমে গেছে এবং অনেক স্থানে পাঠদান ব্যাহত হচ্ছে। একই সঙ্গে বিভিন্ন হাট-বাজারে পানি ঢুকে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।

পানিবন্দি হয়ে পড়া মানুষের পাশাপাশি চরম বিপাকে রয়েছেন খামারিরাও। গোয়ালঘরে পানি ঢুকে পড়ায় গবাদিপশু নিরাপদ স্থানে সরিয়ে নিতে হিমশিম খাচ্ছেন তারা। পর্যাপ্ত গোখাদ্যের সংকট দেখা দেওয়ায় অনেক খামারি উদ্বেগে রয়েছেন।

অন্যদিকে নিম্নাঞ্চলের আমন ধানের বীজতলা, সবজি ক্ষেত ও কৃষিজমি পানিতে তলিয়ে যাওয়ায় কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কয়েক দিনের মধ্যে পানি না কমলে কৃষি খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় বাসিন্দারা জানান, পাহাড়ি ঢল অব্যাহত থাকায় নদীর পানি ঘণ্টায় ঘণ্টায় বাড়ছে। এভাবে বৃষ্টি চলতে থাকলে ২০২৩ সালের ভয়াবহ বন্যার চেয়েও বড় বন্যা দেখা দিতে পারে। তারা দ্রুত ত্রাণ সহায়তা, নদীতীর রক্ষা, ক্ষতিগ্রস্ত সড়ক ও সাঁকো সংস্কার এবং প্রয়োজনীয় উদ্ধার কার্যক্রম জোরদারের দাবি জানিয়েছেন।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা খোন্দকার মাহমুদুল হাসান বলেন, “টানা বৃষ্টিপাত ও সাঙ্গু-ডলু নদীর পানি বৃদ্ধির কারণে নদীতীরবর্তী ও নিম্নাঞ্চলের মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। উপজেলা প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। সম্ভাব্য বন্যা মোকাবিলায় পর্যাপ্ত শুকনো খাবার মজুত রাখা হয়েছে। প্রয়োজন হলে দ্রুত ত্রাণ সহায়তা ও অন্যান্য জরুরি ব্যবস্থা গ্রহণ করা হবে।”

সর্বশেষ
logo
প্রকাশকঃ অধ্যাপক ড. মো: জোবায়ের আলম
ভারপ্রাপ্ত সম্পাদকঃ এডভোকেট মো: গোলাম সরোয়ার
কার্যালয় : বিটিটিসি বিল্ডিং (লেভেল:০৩), ২৭০/বি, তেজগাঁও (আই/এ), ঢাকা-১২০৮
মোবাইল: +88 02-226603507, +88 02-226603508, +880 1713 037 345, +880 1300 126 624
ইমেইল: tbtbangla@gmail.com (online), ads@thebangladeshtoday.com (adv) newsbangla@thebangladeshtoday.com (Print)
বাংলাদেশ টুডে কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত। অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি ও বিষয়বস্তু অন্য কোথাও প্রকাশ করা বে-আইনী।
Copyright © 2026 The Bangladesh Today. All Rights Reserved.
Host by
linkedin facebook pinterest youtube rss twitter instagram facebook-blank rss-blank linkedin-blank pinterest youtube twitter instagram