

শাহজাহান কবির, আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বৃহত্তর মেঘনার শাখা নদী হাঁড়িধোয়াতে মসজিদ ঘাটে ভেসে উঠেছে একটি বৃহদাকার কুমির। রোববার উপজেলার জাঙ্গালিয়া চেঙ্গাকান্দিপাড়া এলাকায় এ কুমিরের সন্ধান মিললে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। মসজিদে মসজিদে মাইকিং করে এলাকাবাসীকে সচেতন করা হয়। এরপর সর্বশেষ মঙ্গলবার একই নদীতে সামান্য দূরে উচিৎপুরা ব্রিজের নিচে পুনরায় কুমিরটিকে দেখতে পায় এলাকাবাসী।
এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কুমিরের ছবি ভাইরাল হলে নদীর পাড়ের মানুষ এক ভীতিকর পরিস্থিতি পার করছেন।
জাঙ্গালিয়া চেঙ্গাকান্দিপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন মোঃ মাহফুজ জানান, তিনি রোববার সন্ধ্যার দিকে মসজিদের ঘাটের কাছে দাঁড়িয়ে বাতাস উপভোগ করছিলেন। হঠাৎ করে কুমির আকৃতির একটা কিছু নদীতে ভেসে ঘাটের দিকে আসছে দেখে কৌতূহলী হয়ে তিনি বিষয়টি প্রত্যক্ষ করতে থাকলে এক সময় কুমিরটি ঘাটের কাছে এসে ভেসে ওঠে। এরপর তিনি বিষয়টি এলাকাবাসীকে অবগত করেন।
সর্বশেষ মঙ্গলবার সামান্য দূরে একই নদীতে উচিৎপুরা ব্রিজের নিচে কুমিরটি ভেসে ওঠে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। কুমিরটি বেশ বড় আকৃতির বলে জানা গেছে।
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আতাউর রহমান জানান, বিষয়টি আমাদেরকে জানানো হয়নি।
