

নুরুল ইসলাম আসাদ, উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুর প্রেসক্লাবের পূর্ববর্তী কার্যনির্বাহী কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন ৫ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) বিকেল ৪টায় উজিরপুর প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় উপস্থিত সদস্যদের সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও গণতান্ত্রিক ধারায় পরিচালনার লক্ষ্যে নতুন এই আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন উজিরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ এমদাদুল কাসেম সেন্টু। সভায় প্রেসক্লাবের বর্তমান সাংগঠনিক অবস্থা, ভবিষ্যৎ কার্যক্রম এবং একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার পর উপস্থিত সদস্যরা সর্বসম্মতিক্রমে পূর্বের কমিটি বিলুপ্ত ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠনের প্রস্তাব অনুমোদন করেন।
নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক হিসেবে নির্বাচিত হয়েছেন সৈয়দ জাহিদ আলম (দৈনিক মতামত) এবং সদস্য সচিব করা হয়েছে সরদার সোহেলকে (দৈনিক দেশের কথা)। এছাড়া সদস্য হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান (দৈনিক কলমের কণ্ঠ), মোঃ সোহাগ হাওলাদার (দৈনিক বরিশালের কথা) এবং মোঃ রফিকুল ইসলাম (দৈনিক ইত্তেফাক)।
সভায় বক্তারা বলেন, একটি শক্তিশালী, ঐক্যবদ্ধ ও কার্যকর সাংবাদিক সংগঠন গড়ে তুলতে সকল সদস্যের আন্তরিক সহযোগিতা প্রয়োজন। তারা আশা প্রকাশ করেন, নবগঠিত আহ্বায়ক কমিটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও গণতান্ত্রিক চর্চার মাধ্যমে প্রেসক্লাবের কার্যক্রমকে আরও সুসংগঠিত করবে এবং সকল সদস্যের মতামতের ভিত্তিতে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করবে।
গঠিত আহ্বায়ক কমিটিকে নির্বাচন কমিশন গঠনসহ প্রয়োজনীয় সকল প্রস্তুতি সম্পন্ন করে আগামী ৯০ দিনের মধ্যে উজিরপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ নির্বাচন আয়োজনের দায়িত্ব দেওয়া হয়েছে। সভা শেষে উপস্থিত সদস্যরা নবগঠিত কমিটির প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবের সার্বিক উন্নয়ন এবং সাংবাদিকদের পেশাগত স্বার্থ রক্ষায় একযোগে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
